গৃহবধুর চুল কেটে ঘরে আটকে রাখার অভিযোগে মামলা-
- Update Time : ০৬:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯
- / ৬৬ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকাপুর টেংরাপাড়া গ্রামে যৌতুকের অর্থ না দেওয়ায় নির্যাতিত হয়েছে এক গৃহবধূ। এ জন্য বৃহস্পতিবার রাতে ৩ জনকে আসামী করে নির্যাতিতা গৃহবধু বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ নির্যাতিতার স্বামী ও শাশুড়ীকে গ্রেফতার করে শুক্রবার সকালে রাজবাড়ী আদালতে পাঠিয়েছেন।
নির্যাতনের শিকার গৃহবধু চুমকি বেগম জানান, ২০১৩ সালে তার সাথে রিয়াজের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সে বিভিন্ন সময়ে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। বাবা মেয়ের সুখের কথা ভেবে বিয়ের কিছুদিন পর নগদ ৫০ হাজার টাকাও দেয়। কিন্তু সে মাঝে মাঝেই টাকার জন্য চাপ দিতে থাকে। টাকা না দিলে শারীরিক নির্যাতন করতে থাকে। বেশ কয়েকবার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে অভিযোগ দিলে তারা মুচলেকা দিয়ে নিয়ে আসে। মঙ্গলবার সন্ধ্যায় টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে রাতে স্বামী তাকে বেধড়ক মারধর করে। শাশুড়ী মরিয়ম বেগম হাত ধরে রাখে আর স্বামী রিয়াজ প্রামানিক বটি দিয়ে চুল কেটে একটি রুমের মধ্যে চুমকিকে আটকে রাখে। পরে সুযোগ বুঝে এক প্রতিবেশির মোবাইল নিয়ে চুমকি তার বাবাকে খবর দিলে তারা তাকে উদ্ধার করে নিয়ে আসে।
চুমকি বেগম আরো বলেন, ‘বিয়ের পর থেকেই সে আমাকে যৌতুকের জন্য মারধর করতে থাকে। আমি সংসারের মায়ায় এতোদিন মুখ বন্ধ করে ছিলাম। কিন্তু এবার আমাকে চুল কেটে দিয়েছে। ও একটা পাষন্ড। আমি এর উপযুক্ত শাস্তি চাই।’
বালিয়াকান্দি থানার এসআই রেজাউল করিম জানান, ওই গৃহবধুকে ধারালো বটি দিয়ে চুল কেটে বসত ঘরে আটকে রাখে স্বামী, শশুড় ও শাশুড়ী। থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার নির্দেশে বৃহস্পতিবার বিকালে ওই গৃহবধুকে উদ্ধার করে স্বামী রিয়াজ প্রামানিক, শাশুড়ী মরিয়ম বেগমকে গ্রেফতার করে। নির্যাতনের শিকার গৃহবধু চুমকি বেগমকে (২৫) বাদী হয়ে অলংকারপুর গ্রামের শ্বশুড়ওয়াজেদ প্রামাণিক, স্বামী রিয়াজ প্রামাণিক ও শাশুড়ী মরিয়ম বেগমকে আসামী করে মামলা দায়ের করে। চুমকির দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































