পাংশায় মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধকে পিটিয়ে পুলিশে দিল জনতা
- Update Time : ১০:২৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ীর পাংশায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রী (১২) কে ধর্ষণচেষ্টার অভিযোগে জিল্লু মণ্ডল (৫৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার চরঝিকরি মকবুল হোসেন দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বৃদ্ধ জিল্লু মণ্ডল উপজেলার চরঝিকরি গ্রামের জোনায়েত মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে ধর্ষণ চেষ্টার শিকার ভুক্তভোগী ছাত্রী নিজ মাদ্রাসায় যাওয়ার পথে একটি আখক্ষেতের কাছে পৌঁছায়। সে সময় অভিযুক্ত তার পথরোধ করে মুখ চেপে ধরে জোরপূর্বক আখক্ষেতের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। সে সময় আত্মরক্ষার্থে ওই ছাত্রী অভিযুক্তের হাতে কামড় দিয়ে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত পালিয়ে যায়।
বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য মঙ্গলবার (১৪ জুলাই) সকালে চরঝিকরি মকবুল হোসেন দাখিল মাদ্রাসায় একত্রিত স্থানীয়রা। ওই সময় জিল্লু মণ্ডল সেখানে উপস্থিত হলে স্থানীয় উৎসুক জনতা অভিযুক্তকে মারপিট করে থানা পুলিশকে খবর দেয়। পরে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে।
প্রত্যক্ষদর্শী লোকমান হোসেন বলেন, শিশুটির চিৎকার শুনে ঘটনাস্থলের দিকে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে স্থানীয়দের নিয়ে তার বাড়িতে গেলে প্রথমে সে বিষয়টি অস্বীকার করে। পরে ঘটনার বিষয়টি স্বীকার করেন।
স্থানীয়রা বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্ত জিল্লু মণ্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় জিল্লু মণ্ডলকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































