ভিজিএফের চাল – রতনদিয়া ও মদাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
- Update Time : ১১:১১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ১১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন- কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা এবং মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক।
তবে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন দুই চেয়ারম্যান।
রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা বলেন, তার মামার মৃত্যুর কারণে চাল বিতরণের সময় তিনি ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন না। সরকারি তদারকি কর্মকর্তা আফরোজা চৌধুরী ও ইউনিয়ন পরিষদের সচিব রবিউল ইসলাম উপস্থিত থেকে চাল বিতরণ করেছেন।
তিনি আরও বলেন, বিতরণের সময় অনিয়মের অভিযোগে ৯৭টি কার্ড উদ্ধার করা হয়েছে। এসব অনিয়মের সঙ্গে যারা জড়িত তাদের প্রমাণ পাওয়ার পরও তাকে দায়ী করা হয়েছে, যা তার প্রতি অন্যায়।
অন্যদিকে মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক বলেন, ওইদিন তিনি পূজার জন্য উপবাসে ছিলেন। তদারকি কর্মকর্তা আতাহার আলী ও সচিব ফরহাদের কাছে চাল বুঝিয়ে দিয়ে তিনি বাড়িতে চলে যান। চাল বিতরণে অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তারাই দায়ী, অথচ তাকে দোষী করা হচ্ছে।
সোমবার রাত ৯টার দিকে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাহ উদ্দিন জানান, অনিয়মের বিষয়টি লিখিত ভাবে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করার পর সোমবার মন্ত্রণালয় থেকে ওই দুই জন চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































