বালিয়াকান্দির রামদিয়া স্কুলের শিক্ষক আহম্মদ আলী চূড়ান্ত বহিষ্কার –
- Update Time : ০৭:০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ৯০ Time View
রাজবাড়ী বার্তা :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে চুড়ান্তভাবে বহিস্কার (অব্যাহতি) দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে তার বিরুদ্ধে হোটেলে অসামাজিক কার্যকলাপের সময় ভ্রাম্যমান আদালতে কারাদন্ডের ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
চুড়ান্তভাবে অব্যাহতি পাওয়া শিক্ষকের নাম, আহম্মদ আলী। তিনি রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি। সে ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের লোকমান সেখের ছেলে। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী হয়ে অল্প কিছু ভোটের ব্যবধানে পরাজিত হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আলিমুদ্দিন শেখ এবং সভাপতি মো: আবুল কালাম আজাদ কর্তৃক গত ২৪ অক্টোবর ২০২০ তারিখে স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে তাকে চুড়ান্তভাবে বহিস্কার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ পরবর্তী কারণ দর্শানো নোটিশ, তদন্ত কমিটি গঠন করা হয়। নৈতিক স্থলনের দায়ে কারাভোগ, পেশাগত অসদাচরণ ও শৃংখলা ভঙ্গের দায়ে চুড়ান্তভাবে বহিষ্কার (অব্যাহতি) করা হয়েছে।
নথি সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ্ মোঃ সজিব গত ১৬ জানুয়ারী হোটেল নিউ গার্ডেন সিটি ( আবাসিক) মোবাইল কোর্ট পরিচালনা করেন। হোটেল নিউ গার্ডেন সিটিতে ইশারা ইঙ্গিতের মাধ্যমে অন্যের বিরক্তি উদ্রেক করে প্রকাশ্য স্থানে অশ্লিল ও অসামাজিক কাজ করা অবস্থায় আহম্মদ আলীকে হাতে নাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ধারা ৭ (১) মোতাবেক অভিযোগ গঠন করা হয়। সে অশ্লীল ও অসামাজিক কার্যকলাপের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। অভিযোগ প্রমানিত হওয়ায় দন্ডবিধি ১৮৬০ এর ২৯৪ (ক) ধারা এবং মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ও ৮(১) ধারায় আহম্মদ আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে আহম্মদ আলী আপীল করে জামিনে মুক্তি পান।
এ বিষয়ে চুড়ান্তভাবে বহিস্কার (অব্যাহতি) হওয়া শিক্ষক আহম্মদ আলী জানান, আমাকে যে অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে, তা আপীলে আমি নির্দোষ প্রমানিত হয়েছি। তবে এ আদেশের কপি এখনো আমাকে দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে আমাকে শত্রুতা বশতঃ অব্যাহতি দেওয়া হয়েছে।
ম্যানেজিং কমিটির সদস্য কামরুজ্জামান রতন বলেন, ২০০১ সালে নির্বাচনে বিএনপি জয়লাভের পর আহম্মদ আলী রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলে ও প্রকাশ্যে বাজারে ছবি অবমাননা করে। ওই বছরেই ১৫ আগষ্টে কাঙ্গালী ভোজের খিচুরী মাটিতে ফেলে দেয় এবং তাতে বালি মিশিয়ে দেয়, যাতে কেউ খেতে না পারে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হলেও সতন্ত্র প্রার্থী আবুল হোসেনের কাছে পরাজিত হন।
রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীম উদ্দিন শেখ বলেন, ম্যানেজিং কমিটির গত ২৪ সেপ্টেম্বর সভার সিদ্ধান্তের আলোকে সহকারী শিক্ষক আহম্মদ আলীকে বহিস্কার (অব্যাহতি) প্রদান করা হয়েছে।
রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ বলেন, গত ২৪ সেপ্টেম্বর ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আহম্মেদ আলীকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































