দৌলতদিয়া ঘাটে আধিপত্য বিস্তারে সংঘর্ষ, আহত ৭ –
- Update Time : ১০:৫৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ৬৮ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
এর মধ্যে গুরুতর অবস্থায় গোয়ালন্দ পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম ম-লের আপন ছোট ভাই মোস্তফা ম-ল (৩৫) ও কৃষকলীগ কর্মী রফিক সরদারকে (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর ৫ জন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শুক্রবার (১৩ মার্চ) ভোরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দৌলতদিয়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মোঃ বাকেন শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে।
আহত মোস্তফা মন্ডল গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। হামলায় আহত তার পক্ষের কর্মীরা হলো গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লাপাড়ার আফজাল বিশ্বাস (৩০), দৌলতদিয়া ছিদ্দিক কাজীপাড়ার ইদ্রিস ম-ল (৩৫), আফতার ম-ল (৪৫), আবদুস সালাম (৩৫) এবং কিয়ামদ্দিন পাড়ার সহিদ ম-ল (৩৮)। আহত অপর যুবক রফিক সরদার (২৫) দৌলতদিয়া ইউনিয়ন কৃষকলীগের কর্মী বলে জানা গেছে। সে গ্রেফতারকৃত বাকেন গ্রুপের কর্মী।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ঘাট দিয়ে প্রতিদিন পারাপার হওয়া সহস্রাধিক বিভিন্ন পন্যবাহী যানবাহন বিভিন্ন প্রভাবশালী গ্রুপের নিয়ন্ত্রনে রয়েছে। এর মধ্যে ফলের গাড়িগুলো প্রায় ১ বছর ধরে নিয়ন্ত্রণ করছে আমজাদ-বাকেন নামে বহুল আলোচিত একটি গ্রুপ। এর আগে এই গাড়িগুলোর (১০০/১৫০টি) নিয়ন্ত্রণ ছিল যুবলীগ নেতা মোস্তফা মন্ডল গ্রুপের নিয়ন্ত্রনে। গোয়ালন্দ পৌরসভার মেয়র হিসেবে ঢাকায় শপথগ্রহন শেষে বৃহস্পতিবার এলাকায় ফেরেন মোস্তফা মন্ডলের বড় ভাই নজরুল ইসলাম মন্ডল। দুপুরে তাকে দলের পক্ষ হতে দৌলতদিয়া ঘাটে বিশাল গণসংবর্ধনা দেয়া হয়। ওইদিন রাতেই ঘাটে ফলের গাড়ির নিয়ন্ত্রণ নিতে চেষ্টা চালায় মোস্তফা মন্ডল ও তার সতীর্থরা। এতে বাঁধা সৃষ্টি করে আমজাদ-বাকেন গ্রুপ। তারা ঘটনা আঁচ করতে পেরে পূর্ব হতেই সশস্ত্র অবস্থায় সংগঠিত ছিল। তাদের হামলায় মোস্তফা মন্ডলসহ তাদের পক্ষের ৬ জন আহত হন। পাল্টা হামলায় আমজাদ-বাকেন গ্রুপের আহত হন ১ জন।
এ দিকে গোয়ালন্দ হাসপাতালে চিকিৎসাধীন আহত আফজাল হোসেন দাবি করেন, আমরা ঘাটে মোস্তফা মন্ডলের বাড়ির সামনে তার অফিসে বসে মোস্তফা ম-লসহ ৭-৮ জন কথা বলতেছিলাম। সন্ধ্যার পর আমজাদ-বাকেনের নেতৃত্বে ৩৫-৪০ জন লোক বিনা উস্কানিতে লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর অতর্কিত ভাবে হামলা করে।
এ ঘটনায় গোয়ালন্দ পৌরসভার নব-নির্বাচিত মেয়র মো.নজরুল ইসলাম ম-ল বলেন, শপথ শেষে বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দে ফিরে তিনি বাসায় বিশ্রামে ছিলেন। আমি ন্যক্কারজনক এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি আবদুল্লাহ আল তায়াবীর বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে আছে। এ ঘটনায় মোস্তফা মন্ডলের ভাই আইয়ুব মন্ডল বাদী হয়ে থানায় ১০-১২ জনের বিরুদ্ধে শুক্রবার থানায় মামলা দায়ের করেছেন।
এর আগেই আমরা এজাহারভুক্ত আসামী বাকেন শেখকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে। ঘাটের আধিপত্য নিয়ন্ত্রন ও পরিবহনে দালালিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































