পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অন্তত ১০
- Update Time : ১১:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ রাজবাড়ীর পাংশায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিক মো. আকাশ মাহমুদ কালের কণ্ঠের পাংশা (মাল্টিমিডিয়া) প্রতিনিধি ও এনপিবি রাজবাড়ী জেলা প্রতিনিধি।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আকাশ মাহমুদ জানান, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্রের দুর্ব্যবহারের ঘটনা ঘটে। এ বিষয়ে শনিবার বিকেলে ছাত্রপ্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তিনি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করছিলেন। অভিযোগ অনুযায়ী, কয়েকজন ইজিবাইক চালক তার ওপর হামলা চালায়, মোবাইল ফোন থেকে ধারণ করা ভিডিও মুছে ফেলে এবং তাকে মারধর করে। পরে তিনি দৌড়ে সেখান থেকে প্রাণে রক্ষা পান।
আহত ছাত্রপ্রতিনিধি সাগর শিকদার অভিযোগ করে বলেন, মৈশালা-লাঙ্গলবাঁধ সড়কে ইজিবাইক চালকদের একটি সিন্ডিকেট রয়েছে। গত বৃহস্পতিবার পরীক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনার প্রতিবাদ জানাতে তারা ঘটনাস্থলে গেলে চালকরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সাংবাদিকসহ প্রায় ১০ থেকে ১২ জন আহত হন।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আহত সাংবাদিক আকাশ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































