গোয়ালন্দে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী –
- Update Time : ১০:৩৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
- / ৭৯ Time View
আজু সিকদার/ শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী শুক্রবার দুপুরে গোয়ালন্দের নিশ্চিহ্ন প্রায় দেবগ্রাম ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়ে খানিকটা বিব্রতকর অবস্থায় পড়েন। তিনি দুঃস্থ্য লোকজনের জন্য আর্থিক, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সাহায্য ঘোষনা করলে উপস্থিত শতশত মানুষ সমস্বরে তা প্রত্যাখান করেন। তারা বলেন, “আমরা সাহায্য চাই না, নদী ভাঙন ঠেকান”।
শুক্রবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট থেকে শিক্ষা প্রতিমন্ত্রী, রাজবাড়ীর জেলা প্রশাসক শওকত আলী, জেলা পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আরিফুর রহমান, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ইউএনও আবু নাসার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতারা লঞ্চ যোগে ভাঙন কবলিত এলাকার দিকে রওনা দেন। পথে দৌলতদিয়া এলাকার ২টি স্থানে পথসভা ও দেবগ্রাম ইউনিয়ন এলাকায় আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়। প্রত্যেক জায়গায় শতশত নারী-পুরুষ সমবেত হয়ে নদী ভাঙনের জোড়ালো দাবী তুলে ধরেন।
ভাঙনের শিকার দেবগ্রামের ইউপি সদস্য গিয়াসউদ্দিন কান্না জড়িত কণ্ঠে বলেন, আগে ঈদের নামাজ পড়ে বাবা-মায়ের কবর জিয়ারত করতে পারতাম। গত কয়েক বছর ধরে ভাঙনের কারনে বাবা-মায়ের কবরসহ ভিটে মাটি নদীতে চলে গেছে। ইনু শেখ, খোরশেদ শেখ, রাহেলা বেগম, লিয়াকত হোসেন, শফিকুল ইসলামসহ ক্ষতিগ্রস্থ অনেকেই বলেন, আমরা অন্য কোন সাহায্য চাই না। ভিটে মাটি থাকলে গায়ে খেটে ঠিকই পেটের ভাত জোগাতে পারবো।
দেবগ্রামের চেয়ারম্যান আতর আলী সরদার বলেন, তার ইউনিয়নের বেশীর ভাগ অঞ্চল গত কয়েক বছরের ভাঙনে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। এবারও ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। নদী পাড়ের কয়েকশ পরিবার ইতিমধ্যে বাড়ী-ঘর ভেঙে অন্যত্র চলে গেছে। অনেকের কোথাও মাথা গোজার ঠাঁই নেই। ভাঙন প্রতিরোধ করা না গেলে অচিরেই তার ইউনিয়ন সম্পূর্ণ নদী গর্ভে চলে যাবে।
দেবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, আসাদ চৌধুরীসহ অনেকেই বলেন, দেবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ঘাটি। কিন্তু এই ইউনিয়নই যদি টিকে না থাকে তাহলে কাদের নিয়ে আমরা রাজনীতি করবো।
রাজবাড়ী জেলা প্রশাসক শওকত আলী জানান, জরুরী ভিত্তিতে ভাঙন ও বন্যা কবলিত এলাকার দুঃস্থ্যদের জন্য দ্রুত অর্থ ও খাদ্য সাহায্য দেয়া হবে। এছাড়া গৃহহারাদের পুনর্বাসনের জন্যও জেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকারের বরাবর আবেদন জানানো হবে।
শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি বলেন, তিনি বিগত সময়ে এ অঞ্চলে বিদ্যুত রাস্তা-ঘাটসহ প্রয়োজনীয় সকল উন্নয়ন করেছেন। নদী ভাঙন প্রাকৃতিক সমস্যা। ভাঙন প্রতিরোধে প্রচুর অর্থ ও সময় দরকার। এ জন্য তিনি পুনরায় শেখ হাসিনার সরকারকে বিজয়ী করতে এবং ভাঙন প্রতিরোধসহ অন্যান্য কাজ করার সুযোগ দিতে এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































