রাজবাড়ী বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
- Update Time : ১০:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ১০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে দ্রুত ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পুরো বাজার।
শনিবার (৪ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে বড় বাজারের পেঁয়াজ বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফিফা বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনার খেলা দেখার উদ্দেশ্যে ঘুম থেকে উঠে মিঠু দত্ত নামে এক ব্যক্তি প্রথমে আগুন দেখতে পান। পরে নৈশপ্রহরী আলম বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। একই সঙ্গে বাজার ব্যবসায়ী সমিতির সদস্য বাবলু মোবাইল ফোনে দোকান মালিকদের খবর দেন।
ক্ষতিগ্রস্ত হোটেল ব্যবসায়ী আবু বক্কার মোল্লা জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। শুক্রবার দোকান বন্ধ থাকায় আর বাজারে আসেননি। রাত আনুমানিক ৩টার দিকে ফোনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন তার পুরো ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
অপর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লুৎফর শেখ বলেন, “আমার এই ব্যবসা প্রতিষ্ঠানই ছিল পরিবারের একমাত্র সম্বল। রাতের অন্ধকারে সেটিও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।”
রাজবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শামীম মোল্লা জানান, রাত ২টা ৫৯ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভোর ৪টা ২৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
তিনি বলেন, “দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারায় আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাজারকে রক্ষা করা গেছে।”
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে একটি খাবারের হোটেল ও একটি বস্তার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলের আসবাবপত্র, আটা, ময়দা, ডিম, বৈদ্যুতিক ফ্যান, টিন ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। অন্যদিকে বস্তার দোকানের টিন, বস্তা, ফ্যানসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্টেশন মাস্টার শামীম মোল্লা জানান, প্রাথমিকভাবে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া গেছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী এবং স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
ঘটনার পর রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবু বক্কার মোল্লা ও লুৎফর শেখ তাদের ক্ষতি কাটিয়ে উঠতে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































