বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘সৃজন উৎসব’ – রাজবাড়ীর ৩ জন পেলেন সম্মাননা
- Update Time : ১০:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ১৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ‘মননে কণ্ঠে বাংলার সংস্কৃতি’ প্রতিপাদ্যে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘সৃজন উৎসব-২০২৬’। বাংলাদেশ আবৃত্তি শিল্প উন্নয়ন পরিষদ ও বিশ্বভরা প্রাণের যৌথ উদ্যোগে গত শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিলেও অনিবার্য কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ ডা. সৈয়দ জালাল উদ্দিন আহমেদ, কবি ও গবেষক ফয়েজ আলম, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, দৈনিক বঙ্গ নিউজের সম্পাদক ও বিডিসি চ্যানেলের চেয়ারম্যান অধ্যাপক লুৎফর রহমান জয়, কবি ও শিশুসাহিত্যিক এস. এম. শামসুল আলম এবং বাংলাদেশ জাতীয় আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক জুয়েল।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা পর্ব শেষে দেশের বিভিন্ন জেলা থেকে আগত আবৃত্তিশিল্পী, কণ্ঠশিল্পী ও নৃত্যশিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
এ সময় দেশব্যাপী আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতা ও কাব্যসৃজন প্রতিযোগিতা-২০২৬-এর বিজয়ীদের মধ্যে ২২ জনকে ‘কাব্য সৃজন সম্মাননা’ এবং ২৪ জনকে ‘আবৃত্তি সম্মাননা’ প্রদান করা হয়।
রাজবাড়ী জেলা থেকে বাংলাদেশ আবৃত্তি শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি ফারহানা জাহান মিনি এবং বিশ্বভরা প্রাণ রাজবাড়ী জেলা শাখার সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন বিশ্বভরা প্রাণ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা, বিশিষ্ট কবি, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি এবং কেন্দ্রীয় আয়োজক কমিটির বিচারক অধ্যাপক সালাম তাসির।
অনুষ্ঠানে অধ্যাপক সালাম তাসির ও আতাউর রহমান বক্তব্য দেন। কবি ফারহানা জাহান মিনির রচিত ‘পদ্মাকন্যা রাজবাড়ী’ শীর্ষক কবিতাটি কবি নিজে ও বাচিকশিল্পী ইয়াকুব যৌথভাবে আবৃত্তি করেন। এছাড়া স্বরচিত কবিতা পাঠ করেন কবি ইউসুফ বাশার আকাশ ও তাহমিনা মুন্নি। গান পরিবেশন করেন আওয়াল বাউল ও সুমন আহমেদ এবং আবৃত্তি পরিবেশন করেন বাচিকশিল্পী ইয়াকুব। রাজবাড়ী প্রতিনিধি দলের পরিবেশনা উপস্থাপনা করেন রাজ্জাকুল আলম।
অনুষ্ঠানের তিনটি পর্বে সভাপতিত্ব করেন যথাক্রমে কবি বিধান চন্দ্র রায়, কবি সাঈদা আজিজ চৌধুরী এবং গণমানুষের কবি ইমরোজ সোহেল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ আবৃত্তি শিল্প উন্নয়ন পরিষদ ও বিশ্বভরা প্রাণের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও বাচিকশিল্পী জাহান বশির।
প্রতিযোগিতায় রাজবাড়ী থেকে আতাউর রহমান, ফারহানা জাহান মিনি ও রাজ্জাকুল আলম সম্মাননা অর্জন করেন। এছাড়া বিচারক হিসেবে দায়িত্ব পালনের জন্য অধ্যাপক সালাম তাসিরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































