কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসায় এবিজি ফাউন্ডেশনের ১ লাখ টাকার অনুদান
- Update Time : ১২:১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ২০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
দেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী ও দেশবরেণ্য বাউল সাধিকা কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসার জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছে এবিজি ফাউন্ডেশন।
বুধবার (২৪ জুন) রাত ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর বিলপাড়া এলাকায় অবস্থিত কাঙ্গালিনী সুফিয়ার বাড়িতে গিয়ে এবিজি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়। অনুদানের অর্থ তুলে দেন ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর আমির হোসেন মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা।
এবিজি ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, কাঙ্গালিনী সুফিয়ার অসুস্থতার বিষয়টি প্রথমে এবিজি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যানের নজরে আসে। পরে বিষয়টি এবিজি চেয়ারম্যানকে অবহিত করা হলে তার নির্দেশনায় প্রতিনিধিদল সরাসরি শিল্পীর বাড়িতে গিয়ে চিকিৎসা সহায়তা হিসেবে এক লাখ টাকা প্রদান করে। পাশাপাশি ভবিষ্যতেও তার প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহনে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
জানা গেছে, ‘পরাণের বান্ধব রে’, ‘বুড়ি হইলাম তোর কারণে’, ‘কোনবা পথে নিতাইগঞ্জে যাই’, ‘নারীর কাছে কেউ যায় না’ এবং ‘আমার ভাটি গাঙের নাইয়া’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা ও কণ্ঠশিল্পী কাঙ্গালিনী সুফিয়া সম্প্রতি বাথরুমে পড়ে গিয়ে বাম হাতে গুরুতর আঘাত পান। তবে আর্থিক সংকটের কারণে দীর্ঘ ১১ দিন তিনি আধুনিক চিকিৎসার বাইরে থেকে ঝাড়ফুঁক ও গাছগাছড়ার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেন।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার হাতে প্লাস্টার করেন। চিকিৎসা শেষে বিকেলে তাকে নিজ বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।
এদিকে, দেশবরেণ্য এই শিল্পীর চিকিৎসার জন্য এবিজি চেয়ারম্যান এগিয়ে আসায় স্বস্তি প্রকাশ করেছেন শিল্পীসহ তার স্বজনরা। তারা আশা করছেন, প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা পেলে কাঙ্গালিনী সুফিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































