“স্যার ফজলে হাসান আবেদ-একজন মহানায়কের মহাপ্রয়াণ”- লেখক- শিপন আলম –
- Update Time : ০৬:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ৭৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
গত ২০ ডিসেম্বর, ২০১৯ ছিল ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ- এর ২১তম জাতীয় সম্মেলন। সারাদিন আমাদের সংবাদ মাধ্যমগুলো সে খবর সংগ্রহ এবং প্রচারে ব্যস্ত ছিল। রাতে আবার বঙ্গবন্ধু বিপিএল- এর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স- এর মধ্যে এ আসরের এ পর্যন্ত সর্বোচ্চ রানের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ঠিক এদিনেই বাঙালি জাতি যে তার মহানায়কদের একজনকে চিরদিনের জন্য হারাতে যাচ্ছে তা হয়তো কেউই অনুধাবন করতে পারেনি। খেলা শেষ হওয়ার পর চ্যানেল ঘুরাতেই একটা ব্রেকিং নিউজ দেখে মনটা আঁতকে উঠল। নিউজটি ছিল এরকম- “ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আর নেই। আজ রাত ৮.০০ টার দিকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” খেলা দেখে যতটা আনন্দ পেয়েছিলাম স্যারের মৃত্যু সংবাদে মনটা তার চেয়েও বেশি বিষাদে ভরে উঠল।
বাংলাদেশের ক্ষণজন্মা এ পুরুষ জন্মগ্রহন করেছিলেন ১৯৩৬ সালে হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ শেষে ১৯৬২ সালে লন্ডনের চার্টার্ড ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট থেকে তিনি সিএ পাশ করেন। লেখাপড়া শেষে তাঁর কর্মজীবন শুরু হয় একটি কোম্পানির চাকরির মাধ্যমে। কিন্তু ১৯৭০ সালে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ই তাঁর জীবনের গতিপথ বদলে দেয়। সেসময় ঘূর্ণিঝড় দূর্গত মানুষদের সহযোগিতার জন্য দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সাথে তিনিও ঝাঁপিয়ে পড়েন ত্রাণকাজে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন বিদেশে অবস্থান করার সময় তিনি মাতৃভূমির স্বাধীনতার জন্য বিদেশি শক্তির সমর্থন আদায়ের চেষ্টা চালান। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনে সহযোগিতার জন্য তিনি প্রতিষ্ঠা করেন আজকের ব্র্যাক যা দেশের গণ্ডি পেরিয়ে এখন বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠান।
ব্র্যাক প্রতিষ্ঠার পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের অংশ হিসেবে তিনি প্রথমে হাত দেন শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনসচেতনতায়। প্রতিষ্ঠা করেন ব্র্যাক স্কুল। এ স্কুলের উদ্দেশ্য ছিল অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে গ্রামের দরিদ্র মানুষদের সন্তানদের স্কুলমুখী করে তোলা। ২০০০ সালে জাতিসংঘ কর্তৃক ঘোষিত এমডিজি’র একটি লক্ষ্য ছিল ২০১৫ সালের মধ্যে সর্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। বাংলাদেশ যে ২০১২ সালের মধ্যে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছে যায় তার পশ্চাতে রয়েছে এই ব্র্যাক স্কুলেরও অবদান। শিক্ষাক্ষেত্রে ক্রমবর্ধমান জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণের জন্য তিনি প্রতিষ্ঠা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় যা বর্তমানে দেশের সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি।
জনস্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য তিনিই দেশের প্রত্যন্ত অঞ্চলে খাবার স্যালাইনকে জনপ্রিয় করে তুলেছেন। জাতীয় ক্ষেত্রে ওটেপ ও টিকাদান কর্মসূচিতেও তিনি দেখিয়েছেন অভাবনীয় সাফল্য যা তাঁকে নিয়ে গিয়েছে অনন্য উচ্চতায়।
জাতীয় লিঙ্গ সমতা বিধানের ক্ষেত্রে তার গৃহীত উদ্যোগ শুধু দেশে নয় বিদেশেও প্রসংশিত। কারণ সারা দেশে ব্র্যাকের বিভিন্ন প্রতিষ্ঠানে যত কর্মী নিয়োজিত আছে তার প্রায় ৭০ ভাগই নারী।
একজন আত্মপ্রত্যয়ী মানুষ হিসেবে দেশের বেকারত্ব নিরসনে এবং বেকারদের আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলে আত্মকর্মসংস্থানে নিবেদিত করার জন্য তার ভূমিকা অগ্রগণ্য। তাঁর প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে কর্মরত রয়েছে প্রায় লক্ষাধিক কর্মী যা দেশের শিক্ষিত বেকারত্ব নিরসনে বড় ধরণের ভূমিকা রেখে চলেছে।
আর্থিক প্রতিষ্ঠান গঠন ও পরিচালনায়ও তিনি দেখিয়েছেন তাঁর স্বভাবসুলভ পারঙ্গমতা। ব্যাংকিং সেবাকে নিম্ন আয়ের মানুষের দোরগোঁড়ায় পৌছে দেওয়ার জন্য তাঁর প্রতিষ্ঠিত ব্র্যাক ব্যাংক ও বিকাশ তাঁর এ বৈশিষ্ট্যই বহন করছে।
তিনি ছিলেন একজন দূরদর্শী মানুষ। তাই তাঁর কোন পরিকল্পনা বিফলে যায় নি। দেশের ভেতরে তাঁর গৃহীত উদ্যোগগুলোর সফলতাই তাঁকে সাহস যুগিয়েছিল আন্তর্জাতিক পরিসরে ব্র্যাকের কার্যক্রম বিস্তার ঘটাতে। তাই
২০০২ সালে আফগানিস্তান কর্মসূচির মধ্য দিয়ে তিনি ব্র্যাক-কে বহির্বিশ্ব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করেন যা বর্তমানে বিশ্বের প্রায় ১২০ টি দেশে সম্প্রসারিত।
উল্লেখিত প্রতিষ্ঠানগুলো ছাড়াও বর্তমানে ব্র্যাকের আওতায় আছে আড়ং, ব্র্যাক ডেইরি, ব্র্যাক চিকেন, ব্র্যাক ফিশারিজ, ব্র্যাক নার্সারি, ব্র্যাক প্রিন্টিং, ব্র্যাক সিল্ক, ব্র্যাক লবণ, ব্র্যাক সিড ইত্যাদি যা প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় উপকরণ প্রাপ্তিতে এনেছে সহজলভ্যতা ও সহজপ্রাপ্যতা।
ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি তথা জীবনের মৌলিক বিষয়গুলোতে পরিবর্তন আনয়নের ক্ষেত্রে স্যার ফজলে হাসান আবেদ যে অসামান্য অবদান রেখে গেছেন তা বাঙালি জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে অসীম শ্রদ্ধায়। মৃত্যু তাঁর দৈহিক বিনাশ ঘটালেও তাঁর কর্মের বিনাশ ঘটাতে পারবে না। বরং মৃত্যুর মধ্য দিয়েই তিনি হয়েছেন মৃত্যুঞ্জয়ী। মহান আল্লাহ তায়ালা তাঁকে অবশ্যই তাঁর উত্তম কাজের প্রতিদান দিবেন।
লেখক- শিপন আলম, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































