সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের নির্বাচন অনুষ্ঠিত –
- Update Time : ০৭:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ৫৮ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দে দৌলতদিয়ায় সোমবার বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত সকল বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়।
দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লী ও পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন ‘চাইল্ড ক্লাব’ তাদের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচনের আয়োজন করে। নির্বাচনে মোট ৬৯১ জন শিশু গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালে দৌলতদিয়া যৌনপল্লী ও এর পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের ক্ষমতায়নের মাধ্যমে অধিকার নিশ্চিত করা এবং তাদের সুষ্ঠু বিকাশের লক্ষ্য চাইল্ড ক্লাব প্রতিষ্ঠা করা হয়। তখন হতেই প্রতিবছর এ নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।
যৌনপল্লীর নারী ও শিশুদের জন্য কাজ করা সংগঠন মুক্তি মহিলা সমিতি ও সেভ দ্যা চিলড্রেন ‘চাইল্ড ক্লাবের’ কার্যক্রমে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে।
মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু জানান , ছোটবেলা হতেই শিশুদের মধ্যে গণতন্ত্রের চর্চা ও নেতৃত্বদানে সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন উপলক্ষে গত কয়েক দিন ধরে যৌনপল্লী ও পাশ্ববর্তী এলাকার শিশুদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল। তার সহযোগী ছিলেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য চম্পা বেগম।
নির্বাচনে তফসিল ঘোষণা হতে ভোটগ্রহণ পর্যন্ত সব ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধিবিধান পুরোপুরি অনুসরণ করা হয়। নির্বাচনে চেয়ারম্যান-সেক্রেটারিসহ মোট ৯টি পদে ২০জন প্রতিদ্বন্দ্বিতা করে।
সোমবার সকাল ১২টা হতে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। পরে সবাই একসঙ্গে মিলে দুপুরের খাবার গ্রহণ করে।
নির্বাচন পর্যবেক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, সেভ দ্যা চিলড্রেনের ম্যানেজার (শিক্ষা) সাইফুল ইসলাম খান সেলিম,দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটো প্রমূখ।
চাইল্ড ক্লাবের সাবেক চেয়ারম্যান ও নির্বাচনে পোলিং এজেন্টের দায়িত্ব পালনকারী কলেজপড়ুয়া শিক্ষার্থী বাদশা মিয়া জানায়, আমি শুরু হতেই চাইল্ড ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছি। এ ক্লাব আমাকে শিশুকাল হতেই জীবনমুখী বহু শিক্ষা দিয়েছে; যা আমার ভবিষ্যৎ পথচলায় সহযোগিতা করছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীকারী বাবলী আক্তার ও ঝুমুর আক্তার জানায়, চাইল্ড ক্লাব তাদের শিক্ষা, সুরক্ষা, সুস্বাস্থ্য, গণতন্ত্র চর্চাসহ নানা অধিকার বিষয়ে সজাগ করেছে। আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। নির্বাচনের ফলাফল যাই হোক আমরা সবাই মিলেমিশে এখানকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করব।
রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার তার প্রতিক্রিয়ায় বলেন, এখানে এসে আমি অভিভূত। এখানকার সুবিধাবঞ্চিত শিশুদের নেতৃত্ব বিকাশ ও গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে এ নির্বাচন ভবিষ্যতে তাদের পাথেয় হয়ে থাকবে। এত সুন্দর আয়োজনের জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেইসঙ্গে এখানে এসে যে বৈষম্য ও শোষণের কথা শুনলাম- সেটা সংশ্লিষ্ট সবাইকে সাথে নিয়ে দূর করতে চেষ্টা চালাব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































