সারাদেশে ৪১ লক্ষ মামলা বিচারাধীন,মামলার জট কমাতে হবে – রাজবাড়ীতে বিচারপতি মোস্তাফিজুর রহমান
- Update Time : ০৮:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ২২৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, সারাদেশের আদালত সমূহে বর্তমানে ৪১ লক্ষ মামলা বিচারাধীন রয়েছে। এই বিশাল মামলার জট কমাতে হলে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) বিষয়টি গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমেই মামলার জট কমাতে হবে। কারণ নিম্ন আদালতে একটি মামলা নিষ্পত্তির পর সংক্ষুব্ধ পক্ষ ক্রমাগতভাবে বিভিন্ন স্তরে আপীল করে থাকে। ফলে ওই মামলা একটি আদালতে নিষ্পত্তি হওয়ার পরও পুনরায় অন্য একটি আদালতে স্থানান্তরিত হয়। এভাবে মামলা দীর্ঘদিন চলতে থাকে। অথচ বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলা নিষ্পত্তি হলে একবারেই ওই মামলাটি শেষ হয়। ফলে আপীল করার প্রয়োজন হয়না। এতে আপনাআপনি মামলার সংখ্যা কমে আসবে। এছাড়া নতুন মামলাও স্বল্প সময়ে নিষ্পত্তি করা সম্ভব হবে।
তিনি বলেন, বিচার প্রার্থী জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা বিচারক ও আইনজীবীদের জন্য একটি পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব যার যার অবস্থান থেকে যথাযথভাবে পালন করতে হবে। আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিচারক এবং আইনজীবীদের একযোগে কাজ করতে হবে। কারণ বিচারক ও আইনজীবীগণ হচ্ছেন একটি পাখির দুইটি ডানা। উভয়ের আন্তরিক প্রচেষ্টার মধ্য দিয়েই কেবলমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের ২য় তলায় জেলা বার এসোসিয়েশনের পক্ষ থেকে রাজবাড়ী সফররত সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্ষে রাজবাড়ীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোছাম্মৎ জাকিয়া পারভীন, রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) সাব্বির ফয়েজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌধুরী মাহবুবুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে পাবলিক প্রসিকিউটর উজির আলী সেখ, সহ-সভাপতি এ্যাড. মোঃ আনিছুর রহমান, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও জেলা বার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এ্যাড. খান মোঃ জহুরুল হক, আশরাফুল হাসান আশা, সাবেক সভাপতি মঞ্জুর মোরশেদ, শফিকুল আজম মামুন, সাবেক সম্পাদক কাজী আব্দুল বারী, খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, এডিশনাল পিপি আবু বকর, সিনিয়র আইনজীবী সৈয়দ মনোয়ারুল হক, সাহিদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
সভায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত জান্নাতুন লিলিফা আক্তার জাহান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত সৈয়দ সিরাজ জিন্নাত, রাজবাড়ীর যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মাহমুদুল হক, যুগ্ম জেলা জজ ২য় আদালত মোঃ শাহিনূর রহমান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) এমদাদুল হক, রাজবাড়ীর সদর সিনিয়র সহকারী জজ মোঃ সাইফুজ্জামান, সিনিয়র সহকারী জজ নাজনীন সুলতানা, সিনিয়র সহকারী জজ মোঃ মিলন আলী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুমন হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুধাংশু শেখর রায়, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মৌসুমী সাহা, মোঃ ইকবাল হোসেন সহ আইনজীবীগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সম্পাদক এ্যাড. আব্দুর রাজ্জাক (২)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































