শিক্ষকের ডাস্টারের আঘাতে ফাটলো তৃতীয় শ্রেণীর ছাত্রীর মাথা ! –
- Update Time : ০৮:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
কথা না শোনায় শিক্ষকের ডাস্টারের আঘাতে তৃতীয় শ্রেণীতে পড়–য়া উর্মি নামে এক ছাত্রীর মাথা কেটে রক্তাক্ত জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের মূলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
জানাগেছে, গত রবিবার বেলা ১২টার দিকে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা আক্তার তৃতীয় শেণির ক্লাসে শিক্ষার্থীদের শৃংখলা ফেরাতে সবাইকে শাসন করেন। সে সময় ঊর্মি কক্ষের বাইরে থাকায় তাকে ভেতরে আসার জন্যে তিনি বলেন। সে ভেতরে না এসে বাইরেই খেলা করতে থাকে। এ সময় শিক্ষক রাগের মাথায় হাতে থাকা ডাস্টার তার দিকে ছুঁড়ে মারে। এতে তার মাথার ডান দিকে ফেটে রক্ত ঝরতে থাকে। তখন শিক্ষক ইলিয়াস ও অন্যরা এসে স্থানীয় ডাক্তারের নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিলেও তার রক্ত ঝরতেই থাকে। সে বাড়িতে গিয়ে প্রচ- ব্যথা অনুভব করলে তার বাবা-মা রাতেই রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।সেখানে ডাক্তার দেখানোর পর তার মাথায় দু’টি সেলাই দিয়ে ব্যান্ডেজ করে দেয়। হাসপাতালে ভর্তি হতে বললে তারা রাজি না হওয়া বাড়িতে নিয়ে আসে।
বিষয়টি জানতে শিক্ষার্থী ঊর্মির সাথে যোগাযোগ করা হলে, সে জানায় ’আমি বারান্দায় খেলছিলাম,ফরিদা ম্যাডাম ডাকাডাকির পর ক্লাসরুমে না যাওয়ায় তিনি আমার দিতে ডাস্টার ছুঁড়ে মারেন। আমার মাথায় লাগার সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে।’ এ সময় ইলিয়াস স্যার তাকে নিয়ে স্থানীয় ডাক্তারের কাছে যায়।
অভিযুক্ত শিক্ষক চৌধুরী ফরিদা আক্তার জানান, তিনি ক্লাস নিয়ন্ত্রণ করতে শিক্ষার্থীদের বকাঝকা করার পর যখন ওই মেয়েটি কথা শুনছিলো না, তখন ডাস্টার দিয়ে তাকে সরাতে গেলে মাথায় লেগে কেটে যায়। অনিচ্ছাকৃতভাবে এমনটা হয়েছে। বিষয়টি নিয়ে তার পিতা-মাতার সাথে বসে মীমাংশা করার কথা বলেন।
এবিষয়ে শিশুটি পিতার আয়নাল সেখ ঘটু জানায়, তার মেয়েকে ডাস্টার দিয়ে আঘাত করায় মাথা ফেটে যায়। তাকে রাজবাড়ী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তার মাথায় দু’টি সেলাই লাগে। ডাক্তার প্রেসক্রিপশনে ’পুলিশকেস’ হিসাবে সিল মেরে দিলেও আমি থানায় কোন অভিযোগ দেইনি। স্কুল কমিটি ও শিক্ষকরা আমাদের (স্বামী-স্ত্রী) ডেকেছে। স্কুলে গিয়ে বিষয়টি মিটমাট করে ফেলবো।
মূলঘর ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান জানান,ওই স্কুলে কলম-ডাস্টার ছুঁড়ে মারার ঘটনা নতুন নয়। ইতোপূর্বেও এ জাতীয় ঘটনা ঘটেছে। ওই স্কুলে কিছু শিক্ষক আছে, তারা স্থানীয় রাজনীতির সাথে জড়িয়ে সমালোচনার জন্মদেয়।
রাজবাড়ী সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার আব্দুস সালাম ম-ল জানান, বিষয়টি তিনি জেনেছেন।উভয় পক্ষের কাছে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































