লিবিয়ায় সাইক্লোন ‘দানিয়েল’-এর আঘাতে রাজবাড়ীর দু’জনসহ ৬ বাংলাদেশির মৃত্যু
- Update Time : ০৯:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ২৭৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
গত ১০ সেপ্টেম্বর রাতে লিবিয়ার ত্রিপলী শহর হতে ১৩৪০.৮০ কি.মি. দূরবর্তী শহর দারনায় সাইক্লোন দানিয়েল আঘাত হানে। এতে লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের বরাতে বেনগাজী, আল-মারজ, শাহাত, আল-বাইদা এবং দারনা শহরে সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতি হয়। উক্ত সাইক্লোনে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহরের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আল-খারাজের বরাতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫,২০০ ছাড়িয়েছে এবং এর সংখ্যা ১০ হাজার এর অধিক হতে পারে বলে তিনি আশংকা করছেন। উক্ত শহরের বসবাসকারী প্রবাসী বাংলাদেশী কর্মীদের অবস্থা জানার জন্য দূতাবাস হতে স্থানীয় কর্তৃপক্ষ, আইসিআরসি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সাথে যোগাযোগ রাখা হচ্ছে। তন্মধ্যে দারনা হাসপাতালে কর্মরত একজন বাংলাদেশী নার্স এর মাধ্যম হতে প্রাপ্ত খবরে জানা যায়, উক্ত শহরে সাইক্লোন ‘দানিয়েল’ এর আঘাতে ছয় জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকারীদের মধ্য হতে চার জনের নাম ও ঠিকানা জানা গেলেও অপর দুই জনের এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিম্নে মৃত বাংলাদেশি নাগরিকদের তালিকা দেওয়া হলো: রাজবাড়ীর শাহীন ও সুজন, নারায়নগঞ্জের মামুন ও শিহাব এবং অজ্ঞাত পরিচয়ের আরো দুই জন বাংলাদেশী।
এলাকাটি দুর্যোগ কবলিত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তৎপ্রেক্ষিতে মৃত ব্যক্তিদের মরদেহ সংরক্ষণ এবং আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের উদ্ধারের ব্যাপারে স্থানীয় প্রশাসন,আইসিআরসি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সাথে সর্বদা যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়াও অজ্ঞাত দুই জনের নাম ও ঠিকানা জানার জন্য দূতাবাস হতে প্রচেষ্টা চালানো হচ্ছে। দূতাবাস হতে দুর্যোগ কবলিত এলাকায় গমনের জন্য ত্রিপলীস্থ সরকারের নিকট অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পাওয়া সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে দূতাবাস হতে একটি প্রতিনিধি দল উক্ত দুর্যোগ কবলিত এলাকায় গমন করবে।
এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ জানিয়েছেন, তারাও বিষয়টি জেনেছেন। তবে এখনো পরিচয় উদ্ধার করতে পারেননি। চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































