রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ১২ জন শিক্ষককে খুন করার হুমকী –
- Update Time : ০৯:২৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় (জেলা স্কুল)-এর ১২ জন শিক্ষক ও তাদের পরিবারের সদস্যদেরকে অপহরণ, গুম ও খুনের হুমকী দেয়া হয়েছে। এ ঘটনায় আতংকিত শিক্ষকদের পক্ষে প্রধান শিক্ষক বেলা রানী সরকার রাজবাড়ী থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।
প্রধান শিক্ষক জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দিন ব্যাপী ০১৯৯২-১৬১২৯৬, ০১৬৪২-৪৬৪০৫১ এবং আজ শুক্রবার সকালে ০১৯৯২-১৬১২৯৮ মোবাইল নম্বর থেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (সর্বহারা)-এর পরিচয় দেয় একাধিক ব্যক্তি। ওই সব ব্যক্তিরা পর্যায়ক্রমে সহকারী শিক্ষক মঞ্জুরুল হক, মুশারফ হোসেন, জ্যোতিষ চন্দ্র বাড়ৈ, প্রশান্ত কুমার প্রমাণিক, আব্দুল খালেক, আব্দুল মালেক, মোঃ মোশারফ হোসেন, মোমিন সরদার, নিয়ামত আলী, আব্দুল মান্নান সেখ, আতিয়ার রহমান ও মোহাম্মদ শরিফুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোন কল দেয়। সেই সাথে তারা বিভিন্ন অংকের চাঁদা দাবী করে এবং চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে পরিবারের সদস্যদের অপহরণ, গুম ও খুনের হুমকি প্রদান করে। সেই সাথে চাঁদার টাকা পরিশোধ করতে তারা ০১৯০২-৪১৫৬৭৮, ০১৯০৭-৭৬৫০৮০ ও ০১৮২২-৬৬৮৪৪৭ বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলে। ওই ফোন পাওয়ার পর থেকে হুমকি পাওয়া এবং হুমকি না পাওয়া শিক্ষকদের মাঝে আতংক বিরাজ করছে। যে কারণে শিক্ষকদের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষে গত বৃহস্পতিবার রাতে তিনি রাজবাড়ী থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।
এ সাধারণ ডায়রীর তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মনির বলেন, হুমকি প্রদানকারী মোবাইল নম্বর ও বিকাশ একাউন্টের মোবাইল নম্বর গুলো খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে হুমকি প্রদান কারীদের চিহ্নিত করার পাশাপাশি গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত রয়েছে।
জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান জানান, বিগত বছর তাকেসহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের এমন হুমকি প্রদান করা হয়েছিল। সে সময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছিল। তার ধারনা বড় কোন চক্র এমন হুমকী ধামকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা চালাচ্ছে। ওই সব দূর্বৃত্তদের গ্রেপ্তার পূর্বক আদালতে সোপর্দ করা জরুরী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































