রাজবাড়ীতে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৩ –
- Update Time : ০৫:৫৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ৪১ Time View
কামাল হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই ইসমাইল শিকদার (২২) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। এসময় দগ্ধ হয়েছে আরও ৩ জন।
সোমবার সকাল ৯ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওয়াহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের জনৈক সেকেন দেওয়ানের ইটভাটা সংলগ্ন মল্লিক রাইস মিলে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া আদু মাতুব্বর পাড়ার মোঃ ফেলু শিকদারের ছেলে।
খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং নিহত ইসমাইলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ঘটনার পর থেকে অটোরাইস মিলের মালিক ছাত্তার মল্লিক পলাতক রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকাল ৯টার দিকে বয়লার চালু করার সঙ্গে সঙ্গে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে মিলের কিছু অংশে আগুন ধরে যায়। খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। এ সময় তারা ওই কারখানার শ্রমিক ইসমাইলকে মৃত অবস্থায় এবং ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা আরও জানান এই মিলটি প্রায় ২৫/৩০ বছর আগে নির্মিত। এটি চালু রাখার অযোগ্য হয়ে গেলেও মালিক ঝুঁকি নিয়েই মিলটি চালাচ্ছিলেন বলে অভিযোগ তাদের।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন বলেন, আহতদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































