রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি বিমানবন্দর থেকে গ্রেপ্তার
- Update Time : ০৯:৪৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ৩৩ Time View

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে কাতারের উদ্দেশে দেশ ছাড়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।
গ্রেপ্তার হওয়া শাহিন শেখ (৩৩) রাজবাড়ী জেলা শাখা ছাত্রলীগের সভাপতি। তিনি সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। ২০২২ সালের মার্চ মাসে তিনি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কাতারে যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন পুলিশ প্রথমে শাহিন শেখকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের বিষয়টি জানানো হলে সন্ধ্যা ছয়টার দিকে রাজবাড়ী জেলা পুলিশের একটি দল তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
তিনি আরও জানান, জেলা পুলিশের দল রাতেই শাহিন শেখকে নিয়ে রাজবাড়ীর উদ্দেশে রওনা হয়েছে। শনিবার তাঁকে আদালতে হাজির করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজবাড়ী সদর থানায় তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মোট চারটি মামলা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































