রাজবাড়ীতে ১৬ বস্তা সন্দেশ, নিষিদ্ধ হাইড্রোজ ও পচা চিনির গাদ ধ্বংস, জরিমানা
- Update Time : ১০:৪১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজবাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিষিদ্ধ উপাদান ব্যবহার, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যপণ্য সংরক্ষণের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল ও নষ্ট খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর মিয়াপাড়া ও গোয়ালন্দ মোড় বাজার এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বকর সিদ্দিক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান।
অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদ, উৎপাদন ও মেয়াদ সংক্রান্ত তথ্য যথাযথভাবে উল্লেখ না করা, বাসি ও পরিত্যক্ত খাবার সংরক্ষণ এবং ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এ সময় মোতাহার ফুড প্রোডাক্টস-এ অভিযান চালিয়ে ১৬ বস্তা সন্দেশ, খাদ্যে ব্যবহৃত নিষিদ্ধ হাইড্রোজ, ২৪টি কন্টেইনারে সংরক্ষিত পচা ও দুর্গন্ধযুক্ত চিনির গাদ এবং মিষ্টির পরিত্যক্ত শিরা/রস জব্দ করে তা ধ্বংস করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া একই অভিযানে হাজী স্টোর-এর মালিককে ৩ হাজার টাকা এবং নূর স্টোর-এর মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়।
জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়









































































































