বিরামহীন চলায় ফেরির সাইলেন্সারে আগুন, দৌলতদিয়ায় পারের অপেক্ষায় যানবাহনের সারি –
- Update Time : ০৫:৪৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯
- / ৫৩ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
ফেরি সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে বিভিন্ন ধরনের শত শত যানবাহন। আটকে পড়া যানবাহনের সাধারণ যাত্রী, চালক ও সংশ্লিষ্টরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
এদিকে শুক্রবার দুপুর ১টার দিকে রুটে চলাচলকারী শাহজালাল নামের একটি রোরো (বড়) ফেরির সাইলেন্সারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছেন, বিরতিহীন ভাবে চলাচল করায় রোরো ফেরি শাহজালালের সাইলেন্সারে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। তবে দ্রুত সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলে ফেরিটিকে দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে বিশ্রামে রাখা হয়েছে।
জানা যায়, নির্বাচন উপলক্ষে গ্রামে আসা মানুষ গত বুধবার থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে একযোগে ফিরতে শুরু করেছে কর্মস্থলে। কিন্তু এ রুটের ৩টি ফেরি বিকল থাকায় এবং ড্রেজিং জনিত কারণে পাটুরিয়ার ৪ ও ৫ নং ঘাট দিয়ে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে না পারায় ঘাট এলাকায় যানবাহন আটকে পড়ার ঘটনা ঘটছে।
শুক্রবার বিকেল ৪টা নাগাদ দৌলতদিয়া ফেরিঘাাট থেকে মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার জুড়ে দুই সারিতে ৩ শতাধিক বিভিন্ন যানবাহন নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকে আছে। এছাড়াও দৌলতদিয়া ট্রাক টার্মিনালে আগের দিন রাত থেকে আটকে আছে আরো শতাধিক ট্রাক ও কাভার্ড ভ্যান।
কুষ্টিয়া থেকে চাল বোঝাই করে আসা ট্রাক চালক হাসেম আলী জানান, তিনি বৃহস্পতিবার বিকেলে দৌলতদিয়ায় এসে সিরিয়ালে আটকা পড়েছেন। শুক্রবার বিকেল গড়িয়ে গেলেও ফেরির নাগাল পাচ্ছি না। অথচ দালাল ধরে ট্রাফিক পুলিশের সহায়তায় রাতে অনেক গাড়ী সরাসরি ফেরিতে উঠে যায় বলে তিনি অভিযোগ করেন।
দৌলতদিয়া ঘাটে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর নাজমুল হোসেন জানান, বৃহস্পতিবার একশ’য়ের উপর সেনাবাহিনী ও বিজিবি’র গাড়ী অগ্রাধিকার ভিত্তিতে পার করা হয়েছে। তারা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় নির্বাচনী দায়িত্ব শেষে ঢাকায় ফিরছিলো। এ ছাড়া নির্বাচন জনিত কারণে এলাকায় ফেরা অসংখ্য মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। যে কারণে ঘাটে বাড়তি চাপে যানবাহন আটকে পড়ছে। অবৈধ সুবিধা দিয়ে কোন যানবাহন পার হচ্ছে না বলে তিনি দাবী করেন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, রুটে ১৭টি ফেরির মধ্যে ৩ দিন ধরে ইউটিলিটি ফেরি মাধবীলতা ও ২ দিন ধরে রজনীগন্ধা নামের দুটি ফেরি বিকল হয়ে মেরামতে ছিল। এরমধ্যে শুক্রবার বিকেলে রজনীগন্ধা ফেরিটি যানবাহন পারাপার শুরু করেছে। এছাড়া ঘাটে বসিয়ে রাখা রোরো ফেরি শাহজালালের পর্যাপ্ত বিশ্রাম শেষে সন্ধ্যা নাগাদ চলাচল শুরু করবে। তবে বাড়তি যানবাহনের চাপ ও পাটুরিয়া ঘাট সমস্যার কারণে দৌলতদিয়ায় সিরিয়ালে কিছু যানবাহন আটকা পড়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































