বালিয়াকান্দিতে দোকান ঘর-বসতবাড়ী ভাংচুর ও লুটপাট – গৃহবধুসহ আহত ৮ –
- Update Time : ০৯:৫৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ৫০ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়ী, দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসময় বাধা দিতে গেলে ৮জন নারী-পুরুষকে কুপিয়ে জখম করেছে।
শুক্রবার দুপুর ১টার দিকে দৈশীয় অস্ত্রসস্ত্রসহ শতাধিক লোক উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজারে এ হামলা চালায়।
বেরুলী গ্রামের ইয়ার উদ্দিনের ছেলে হালিম মন্ডল বলেন, বেরুলী বাজার চৌরাস্তা মোড়ে আমার বসতবাড়ীসহ সড়কের পাশ দিয়ে ১০টি দোকান ঘর উত্তোলন করে ভাড়া দিয়ে আসছি। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধওে শুক্রবার দুপুর ১টার দিকে একই গ্রামের কফিল উদ্দিন শেখের ছেলে হারেজ শেখ, লুৎফর শেখ, পরশ উল্লাহ মন্ডলের ছেলে শমসের মন্ডলের নেতৃত্বে শতাধিক লোকজন দৈশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলা চালিয়ে হালিম মন্ডলের একটি বসতঘর, কমির মন্ডলের একটি বসতঘর, ১০টি দোকান ঘর ভাংচুর করাসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। হামলাকারীদের বাধা দিতে গেলে জিয়া উদ্দিনের স্ত্রী রাশিদা বেগম (৫৫), ইয়ার উদ্দিনের স্ত্রী বিবিজান বেগম (৫০), সমির মন্ডলের মেয়ে এসএসসি পরীক্ষার্থী মিম (১৫), সমির মন্ডলের স্ত্রী সেলিনা বেগম (২৪), কামাল ফকিরের স্ত্রী মাজেদা বেগম (৪৫), মনির উদ্দিন মন্ডলের স্ত্রী শিল্পী বেগম (৫০), ইয়ার উদ্দিনের ছেলে হালিম মন্ডল (৫০), কমির মন্ডল (৪০) কে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক আহত করা হয়েছে। আহতদেরকে বালিয়াকান্দি, ফরিদপুর ও রাজবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত ওই ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি। কাউকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































