কালুখালীতে “একঘোরে করা নিহার ও অরুনা’র সংসারে নেই পূজোর আনন্দ” –
- Update Time : ০৭:৩২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
- / ৯০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মেয়ে অন্য ধর্মের ছেলেকে বিয়ে করায় নিহার রঞ্জন দাস (৫৫) এবং তার স্ত্রী অরুনা দাস (৪৫) কে একঘোরে করেছেন তার স্ব-জাতির লোকজন। ফলে শারদীয় দূর্গা পূজোর আনন্দ উপভোগ করতে পারছেনা তারা। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিশই সাওরাইল গ্রামে।
নিহার রঞ্জন দাস বলেন, তিন বছর আগে তার ছেলে সজল কুমার দাস ও তিনি যৌথ ভাবে বাড়ীর সামনে থাকা ৭২ বছরের পুরোনো একটি পারিবারিক মন্দিরসহ প্রায় ৮০ শতাংশ জমি স্থানীয় শাহাবুদ্দিন মন্ডল ওরফে নবাব-এর কাছে বিক্রি করে দেন। ওই সময় তিনি ৫ শতাংশ জমি একমাত্র মেয়ে লিপি দাস (৩০) কে প্রদান করেন। তবে ৫ মাস আগে লিপি ধর্মান্তরিত হয়ে জমির ক্রেতা শাহাবুদ্দিন মন্ডল ওরফে নবাবকে বিয়ে করেন। ওই ঘটনার পর তারা পারিবারিক ভাবে চরম বিব্রতকর অবস্থার শিকার হন। তবে ছেলে সজল কুমার দাস মাদকাসক্ত হয়ে উশৃঙ্খল জীবন যাপন করায় বাধ্য হয়ে তিনি ধর্মান্তরিত হওয়া মেয়ে লিপি’র সাথে তার বাড়ীতে বসবাস করছেন। এ বিষয়টি নিয়ে এতো দিন তেমন কোন সমস্যা না থাকলেও গত তিন মাস ধরে স্ব-জাতির স্বজনরা তার সাথে কথা বলা, উঠাবসাসহ সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দিয়ে তার আর তার স্ত্রীকে এক ঘোরে করে রেখেছে। যে কারণে তিনি স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। সেই সাথে পূজো’র উৎসবও পালন করতে পারছেন না।
নিহার রঞ্জন দাসের স্ত্রী অরুনা দাস বলেন, মেয়ের নামে লিখে দেয়া জমিতে তাদের পাকা বসত ঘর এবং ঘরে থাকা মালামাল রয়েছে। ফলে তার এ বাড়ী রেখে যাবে কোথায়। তাছাড়া লিপি এবং লিপি’র স্বামী নবাবতো তাদের থাকতে এবং তাদের ধর্ম পালন করতে বাঁধা দিচ্ছে না।
লিপি দাস বলেন, তিনি ধর্মান্তরিত হয়েছেন এবং নবাবের সাথে সংসার করছেন। তার বাবা মা নবাবের কেনা বাড়ীতে থাকলেও নবাব কোন আপত্তি করছে না। বাবা মা’র বয়স হয়েছে, তারা এখন এখন যাবে কোথায়। বড় ভাই সজল যদি ভাল হতো তাহলেতো বাবা মাকে তিনি তার কাছে পাঠাতেন। তার দাবী নবাব পুরোনো মন্দিরসহ জমি কিনলেও সে ওই মন্দিরে পূজা করতে কাউকে নিষেধ করেননি। জমি কেনার পর টানা দুই বছর এই মন্দিরে পূজা হয়েছে। এবার তার স্বজনরা অন্যায় ভাবে নবাবকে দোষারোপ করছে এবং তার বাবা মাকে একঘোরে করে রেখেছে।
পুরোনো এই মন্দির কমিটির সভাপতি তুষার কান্তি দাস বলেন, নিহার রঞ্জন দাস তার চাচাতো ভাই, ওই পুরোনো মন্দির কমিটির সাধারণ সম্পাদক। তবে ওই মন্দিরসহ জমি নিহার রঞ্জন দাস বিক্রি করে দেয়ায় এবার তারা সেখানে আর পূজার আয়োজন করেননি। ওই মন্দির থেকে দেড়শত গজ দুরে তারা এবার নতুন মন্দির স্থাপন করেছেন। নিহার রঞ্জন দাসকে তারা বলেছেন, ধর্মান্তরিত হয়ে যাওয়া মেয়ের পরিবার থেকে বের আসার জন্য। নিহার রঞ্জন দাস ও তার স্ত্রী তাদের কথা অমান্য করায় তারাও তাকে সমাজচ্যুৎ করেছেন। যে কারণে তারা তাকে নিজের ধর্মীয় কোন কাজের সাথে সম্পৃক্ত করছেন না। ফলে নিহার ও অরুনা দূর্গা পূজা করলো কি করলো না তা তাদের দেখার বিষয় না।
পুরোনো এই মন্দির কমিটির সহ-সভাপতি সুবাস দাস বলেন, ১৯৬৭ ওই পুরোনো মন্দিরটি স্থাপিত। বংশ পরমপড়ায় দীর্ঘ ৭২ বছর ধরে তারা ওই মন্দিরকে ঘিরে পূজাঅর্চনা করে আসছেন। অথচ তাদেরকে না জানিয়ে মন্দিরসহ জমি নিহার রঞ্জন দাস বিক্রি করে দিয়েছে। যে কারণে তারা ওই মন্দিরে এবার পূজার আয়োজন করেননি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, মুসলিম হওয়া মেয়ের সাথে বসবাস করায় নিহার রঞ্জন দাস ও তার স্ত্রীকে তাদের ধর্মাবলম্বিরা সমাজচ্যুত করেছে। বিষয়টি তিনি জানেন। তবে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ থাকায় কোন সমাধান করা যাচ্ছে না।
ওই এলাকার বাসিন্দা ও জেলা পরিষদের নারী সদস্য ডলি রানী দেবদাস বলেন, নিহার রঞ্জন দাস ও তার ছেলে গোপনে ওই জমি বিক্রি করেছে। ফলে তা তাদের স্বজনরা মেনে নিচ্ছেন না। যে কারণে সমাজচ্যুতি করার ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, শারদীয় দূর্গাপূজার পর বিষয়টি সামাজিক ভাবে নিস্পিত্তি করার উদ্যোগ নেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































