“নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে”- গোয়ালন্দে শিক্ষাপ্রতিমন্ত্রী –
- Update Time : ০৮:৪৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮
- / ৪৭ Time View
আসজাদ হোসেন আজু , রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-১ আসন তথা গোয়ালন্দে এই সরকারের আমলে ফায়ার সার্ভিস, ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল কলেজসহ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ ও রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে সরকার গঠন করতে পারলে গোয়ালন্দে আধুনিক অডিটরিয়াম, শিশু পার্ক নির্মাণসহ দ্বিতীয় পদ্মা সেতুর কাজও শুরু করা হবে। তিনি বলেন, গত ২০০৮ এর নির্বাচনে গোয়ালন্দে নৌকা প্রতীক ধানের শীষের চেয়ে ২৫ হাজার ভোট বেশী পেয়েছিল। আর ২০১৮ এর নির্বাচনে এখানে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চেয়ে অন্তত ৩০ হাজার ভোট বেশী পেতে হবে। শুধু দলের মধ্যে ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি এসময় বলেন, আমি এই আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। মানুষ কাজ করতে গেলে ভুলত্রুটি হয়। আমি চেষ্টা করেছি জনগণে সেবা করার। তারপরও যদি কোন ভুলত্রুটি হয় আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে নৌকা মার্কার পক্ষে গণ সংযোগকালে গোয়ালন্দ পৌরসভায় এক মতবিনিময়ে শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সকল ধরনের মতভেদ ও দলীয় সংকীর্ণতা ভুলে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে জননেত্রী শেখ হাসিনাকে আরারো প্রধান মন্ত্রী করতে হবে। তানাহলে দেশ লক্ষ্যভ্রষ্ট হবে। দেশ পিছিয়ে যাবে। তাই এখন দলীয় সংকীর্ণতার সময় নয়। নেত্রী যাকে নৌকা প্রতীক দেবেন, তাকেই জয়ী করতে হবে।
আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে এক প্রশ্নে জবাবে প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে নির্বাচন পরিচালনার জন্য রাজবাড়ী-১ আসনের প্রায় সকল ভোটকেন্দ্র ভিত্তিক কেন্দ্র কমিটি সম্পন্ন করা হয়েছে। এছাড়া নেতাকর্মীরা নৌকার পক্ষে কাজ করার জন্য উজ্জিবিত হয়ে আছে। অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে এ এলাকায় আওয়ামীলীগ ঐক্যবদ্ধ ও শক্তিশালী বলে তিনি জানান।
গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, প্রতিমন্ত্রীর সহধর্মীনি রেবেকা সুলতানা, প্যানেল মেয়ার কমল কুমার সাহা, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি প্রমুখ।
গোয়ালন্দ পৌরসভায় মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী উজানচর ইউনিয়নে গণসংযোগের উদ্দেশ্যে রওনা হন। এরপর সন্ধ্যায় গোয়ালন্দ পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের কেন্দ্র কমিটি গঠন ও কর্মীসভায় যোগ দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































