দৌলতদিয়ায় পারের অপেক্ষায় কয়েকশ যান –
- Update Time : ০৭:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯
- / ৪১ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সরকারি নিষেধাজ্ঞা ছাড়াও বিভিন্ন কারণে কয়েকদিন দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার ছিল অনেকটাই কম। ব্যাস্ততম এ নৌরুটে যান পারাপার কমে যাওয়ায় ঘাট এলাকাও ছিল অনেকটা ফাঁকা। কিন্তু বুধবার সকাল থেকে আবারও পাল্টাতে থাকে পরিস্থিতি। বিকেল ৪টা নাগাদ দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সাড়ে ৩ কিমি জুড়ে মহাসড়কে আটকা অন্তত ৪ শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসি ও অন্যান্য সূত্র জানায়, ৩০ ডিসেম্বর রবিবার জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২৯ তারিখ রাত ১২টা থেকে ৩০ তারিখ ১২টা পর্যন্ত ফেরিসহ সব ধরণের যান চলাচল বন্ধ ছিল। এছাড়া নির্বাচনের আগে ও পরে কয়েকদিন যানবাহন পারাপার উল্লেখযোগ্য হারে কমে যায়। তবে মঙ্গলবার রাত থেকে স্বাভাবিক সময়ের মতো নদী পারের জন্য দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে দৌলতদিয়া ঘাটে যানবাহন আসতে শুরু করেছে। বুধবার দিনব্যাপী ব্যাপক হারে যানবাহন আসতে থাকায় মহাসড়কে দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি হয়।
দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় সিরিয়ালে আটকে থাকা ট্রাক চালক শংকর কুমার জানান, তিনি বেনাপোল থেকে বুধবার ভোর রাত ৩টার দিকে ঘাট এলাকায় এসে দীর্ঘ সিরিয়ালে আটকে পড়েছেন। বেলা ৪টা বাজতে চললেও এখনো ঘাট থেকে প্রায় দুই কিমি দুরে আছি। আজ হয়তো আর ফেরিতে উঠতে পারবো না।
ফরিদপুর থেকে পেঁয়াজ বোঝাই করে আসা ট্রাক চালক ওবায়দুর রহমান জানান, তার গাড়ী (কাঁচামাল) অগ্রাধিকার ভিত্তিতে পার হওয়ার কথা থাকলেও প্রায় দুই ঘন্টা ধরে দীর্ঘ সিরিয়ালে আটকে আছি। কখন ফেরির নাগাল পাবো বুঝতে পারছি না।
গোপালগঞ্জ থেকে আসা কমফোর্ট লাইন পরিবহনের চালক কামাল হোসেন জানান, ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে এসে ঘাটে দীর্ঘ সময় সিরিয়ালে আটকে আছি। যাত্রীদের নানা ধরণের ভোগান্তি হচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, নির্বাচনের কারণে বেশ কয়েকদিন যানবাহন পারাপার কম থাকার কারণে বুধবার থেকে প্রায় একযোগে বিভিন্ন যানবাহন আসতে শুরু করেছে। এ কারণে ঘাট এলাকায় কয়েকশ যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় যাত্রীবাহী যানবাহন ও কাঁচামাল বোঝাই যানবাহনকে অগ্রাধিকার দিয়ে পার করা হচ্ছে। রুটে পর্যাপ্ত সংখ্যক (১৭) ফেরি রয়েছে। আটকে পড়া যানবাহনগুলোকে রাতের মধ্যেই পার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































