চোরাই চক্রের হোতা স্বামী-স্ত্রী, গোয়ালন্দ থেকে চুরি যাওয়া ইজি বাইক মুন্সিগঞ্জে উদ্ধার –
- Update Time : ০৭:৪৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯
- / ৬৭ Time View
শামীম শেখ,রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে চুরি হওয়া ব্যাটারী চালিত একটি ইজিবাইক মুন্সিগঞ্জের গজারিয়া থানা থেকে শুক্রবার রাতে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাসলিমা বেগম (৩৫) নামের এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জের সোনার গাঁ থানার নুনের টেক গ্রামের শাহজাহান মিয়ার (৩৮) স্ত্রী।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা যায়, শাহজাহান মিয়া ও তাসলিমা বেগম পরস্পর স্বামী-স্ত্রী। নদী ভাঙনের শিকার হওয়ার পর তারা গজারিয়া থানার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায় পাড়া গ্রামের তাসলিমার বড় ভগ্নিপতির বাড়ীতে বসবাস করে। শাহজাহান পেশায় একজন কাভার্ডভ্যান চালক। গত ২০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ এলাকা থেকে শাহজাহান ও তার ৪/৫ জন সঙ্গী যাত্রী বেশে প্রতারণার মাধ্যমে রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা সজিব শেখ (২০) নামে এক ইজিবাইক চালকের ইজিবাইকটি চুরি করে। পরে সেটি কাভার্ডভানে তুলে গজারিয়ায় নিয়ে যায়। কিন্তু ওই ইজিবাইকে থেকে যায় সজিবের ব্যাক্তিগত মোবাইল ফোনটি। ওই ফোনে পরবর্তিতে একাধিকবার সজিব যোগাযোগ করলে শাহজাহান ও স্ত্রী তাসলিমা ফোন রিসিভ করে ইজিবাইকটি পাওয়ার শর্তে ৩০ হাজার টাকা দাবী করে। গত ২৬ ডিসেম্বর তাদের দেয়া একটি মোবাইল নম্বরে সজিব ৫ শত টাকা বিকাশ করে। পরবর্তীতে বাকী টাকার চাপ দিতে থাকলে সজিব গত ১ জানুয়ারি গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে।
এ ব্যাপারে ইজিবাইক চালক সজিব জানায়, আমি দরিদ্র পরিবারের সন্তান। আমার খালু নায়েব শেখের ইজিবাইকটি ভাড়ায় চালাচ্ছিলাম। ইজিবাইকটি চুরি যাওয়ায় আমি চরম বিপাকে পড়ে গিয়েছিলাম।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফি জানান, বিকাশ নম্বর এবং শাহজাহান ও তার স্ত্রী তাসলিমা বেগমের সাথে কথা বলা নম্বরগুলোর পরীক্ষার মাধ্যমে আমরা দ্রুত আসামীদের অবস্থান চিহ্নিত করতে পারি এবং চুরি যাওয়া ইজিবাইকটিসহ এজাহারভুক্ত ২ নং আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। শাহজাহানসহ তার অপর সহযোগীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































