গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের অস্ত্রোপচারকক্ষে তালা, বিকল এক্স-রে মেশিন, চিকিৎসক সংকট, উদাসীন কর্তৃপক্ষ –
- Update Time : ০৮:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
- / ৬৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসকের সাতটি পদ শূন্য রয়েছে। গুরুত্বপূর্ণ এক্স-রে মেশিনটি এক বছর ধরে বিকল। আধুনিক মানের একটি অস্ত্রোপচার কক্ষ থাকলেও প্রয়োজনীয় চিকিৎসকের অভাবে বহু বছর ধরে তালাবদ্ধ রয়েছে। এ কারণে সরকারি ওই হাসপাতালে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছে এলাকার দেড় লাখ মানুষ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংকট সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হলেও কোনো কাজ হচ্ছে না।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত। স্বাস্থ্যসেবা পেতে উপজেলার দেড় লাখ মানুষের একমাত্র ভরসাস্থল এ হাসপাতালটি। প্রতিদিন গড়ে চার শতাধিক রোগী সেবা নিতে এখানে আসে। কিন্তু দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ আরএমও (আবাসিক মেডিক্যাল অফিসার) পদের পাশাপাশি সাতটি জুনিয়র কনসালট্যান্ট পদ শূন্য রয়েছে।
এ হাসপাতালে বর্তমানে মাত্র ছয়জন মেডিক্যাল অফিসার রয়েছেন। তাঁদের ওপর ভর করে চলছে হাসপাতালটির জরুরি বিভাগ, ইনডোর, আউটডোর, মেডিক্যাল টিম, ফিল্ড ভিজিটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা।
তথ্যানুুসন্ধানে জানা গেছে, শিশু বিশেষজ্ঞ ডা. আলাউদ্দিন ২০১৮ সালের ২০ অক্টোবর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যোগদান করেন। যোগদানের পর মাত্র তিন দিন সেখানে উপস্থিত ছিলেন তিনি। এর পর থেকে এ পর্যন্ত ওই চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এদিকে মেডিক্যাল অফিসার পদে ডা. শুভংকর সাহা ২০১৬ সালের ৬ এপ্রিল গোয়ালন্দ উপজেলা হাসপাতালে এসে যোগদান করেন। যোগদানের দিনই তিনি প্রেষণে রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে চলে গেছেন। অথচ ওই চিকিৎসক তাঁর বেতন-ভাতা এমনকি বিনোদনের টাকাও গোয়ালন্দ উপজেলা হাসপাতাল থেকে নিয়মিত উত্তোলন করছেন।
অন্যদিকে সরকারি এ হাসপাতালের এক্স-রে মেশিনটি যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। আধুনিক মানের একটি অস্ত্রোপচার কক্ষ থাকলেও প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় তা তালাবদ্ধ রয়েছে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সদস্য গোলাম মর্তুজা হেলাল জানান, চিকিৎসক সংকটের পাশাপাশি এক্স-রে মেশিন বিকল ও অস্ত্রোপচার কক্ষ বন্ধ থাকায় সরকারি এ হাসপাতালের স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালে আসা অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পেয়ে তারা বাইরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য হচ্ছে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এলাকার গুরুত্বপূর্ণ সরকারি এ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকসহ নানা সংকট লেগেই আছে। সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার অবহিত করা হয়েছে; কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না।’ সৌজন্যে- দৈনিক কালের কণ্ঠ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































