গোয়ালন্দ পৌরসভা : কাউন্সিলররা ঠিকাদার সড়কের কাজ ঝুলছে –
- Update Time : ০৯:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯
- / ৪৪ Time View
গণেশ চন্দ্র পাল, রাজবাড়ী বার্তা ডট কম :
নির্দিষ্ট সময়ের পর অতিরিক্ত আরো এক বছর দুই মাস সময় পার হলেও রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়কটির নির্মাণকাজ শেষ হয়নি। অভিযোগ উঠেছে, নিয়ম না থাকলেও পৌরসভার বিভিন্ন ঠিকাদারি কাজ করছেন কাউন্সিলররা। আর এ সড়কের কাজটি বন্ধ হয়ে আছে অপেশাদার ঠিকাদার তথা কাউন্সিলরদের অবহেলার কারণেই। এদিকে অসমাপ্ত অবস্থায় সড়কটির নির্মাণকাজ বন্ধ রাখায় ওই সড়কে চলাচলকারী ও পাশের দোকানিরা ভোগান্তির শিকার হচ্ছে।
গোয়ালন্দ পৌর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের বড় মসজিদ থেকে লেভেলক্রসিং (রেলগেট) পর্যন্ত প্রধান সড়কটি বেশ গুরুত্বপূর্ণ। ২০১৭ সালের ৩ মে ড্রেনসহ ২৪ ফুট প্রস্থের ৩৬৬ মিটার দীর্ঘ সড়কটি নতুন করে নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে গোয়ালন্দ পৌরসভা। টেন্ডারের মাধ্যমে ৯৫ লাখ ৪৭ হাজার ৩৭৬ টাকা ব্যয়ে কাজটি পায় ‘মেসার্স কুটি নির্মাণ সংস্থা’ ও ‘মো. রফিকুল ইসলাম’ নামের স্থানীয় দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তিপত্র অনুযায়ী ২০১৭ সালের ২৮ নভেম্বরের মধ্যে এর নির্মাণকাজ শেষ করার কথা। কিন্তু যথাসময়ে শুরু না করে গত বছরের মার্চে এর কাজ শুরু করা হয়। চুক্তি অনুযায়ী সড়কটির প্রস্থ ২৪ ফুট হওয়ার কথা থাকলেও করা হচ্ছে ২১ ফুট। এর ওপর ড্রেন তৈরির কাজ পুরোপুরি শেষ না হতেই দুই ঠিকাদার মিলে আর্থিক সংকট দেখিয়ে সড়কটির নির্মাণকাজ বন্ধ রাখেন।
গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদ নেতা মো. ছিদ্দিক মিয়া জানান, নির্ধারিত সময় শেষ হওয়ার পর অতিরিক্ত আরো এক বছর দুই মাস সময় পার হলেও গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। নির্মাণকাজ বন্ধ থাকায় সড়কের দুই পাশের দোকানগুলো প্রায় বেকার পড়ে আছে, আগের মতো ক্রেতা সমাগম নেই।
পৌরসভার একজন ওয়ার্ড কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে বলেন, পৌরসভার কোনো নির্মাণকাজ প্রকৃত ঠিকাদারদের দিয়ে করানো হয় না। নিয়ম না থাকলেও টেন্ডার প্রক্রিয়ায় পেশাদার ঠিকাদারদের লাইসেন্স ব্যবহার করে সব কাজ করেন পৌরসভার কয়েকজন কাউন্সিলর। কাগজপত্রে দুই ঠিকাদারের নাম থাকলেও পৌর শহরের প্রধান সড়কটির নির্মাণকাজ করছেন তিনজন কাউন্সিলর। মেসার্স কুটি নির্মাণ সংস্থার ঠিকাদারি লাইসেন্সে সড়কটির অর্ধেক অংশের কাজ করছেন পৌরসভার প্যানেল মেয়র ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোমল কুমার সাহা এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা রাব্বানী। আর মো. রফিকুল ইসলামের লাইসেন্সে অন্য অংশের কাজ করছেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আলাউদ্দিন মৃধা।
পৌরসভার প্যানেল মেয়র ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কোমল কুমার সাহা বলেন, ‘আমার ওয়ার্ড এলাকার প্রতিটি নির্মাণকাজ মানসম্মত হোক, এটা আমি চাই। তাই সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ সড়কটির কাজ করছি।’
নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আলাউদ্দিন মৃধা বলেন, তহবিল সংকটের কারণে সড়কটির নির্মাণকাজ সাময়িক বন্ধ রাখা হয়েছে।
গোয়ালন্দ পৌরসভার সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) রেহেনা পারভীন বলেন, চুক্তিপত্র অনুযায়ী ২০১৭ সালের ২৮ নভেম্বরের মধ্যে সড়কটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল।
গোয়ালন্দ পৌরসভার সচিব মো. রুহুল আমীন বলেন, পৌর বিধি অনুযায়ী, মেয়র বা কাউন্সিলরদের পৌরসভার কোনো কাজের ঠিকাদারির দায়িত্ব নেওয়ার সুযোগ নেই। জনস্বার্থে সড়কটির নির্মাণকাজ দ্রুত শেষ করা খুবই জরুরি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































