গোয়ালন্দে পরকীয়ার বলি হলো গৃহবধু –
- Update Time : ১০:০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮
- / ৫৩ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দে প্রবাসী স্বামীর পরকীয়ার জেরে দুই সন্তানের জননী জরিনা বেগম (২৫) নামের এক গৃহবধুকে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ভোরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জরিনা বেগম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুলাল বেপারীর পাড়া গ্রামের ওলি উদ্দিন বেপারীর স্ত্রী ও ফরিদপুর সদর উপজেলার মমিন খার হাট আকবর মালতের ডাঙ্গি গ্রামের ইয়াকুব আলী শেখের মেয়ে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা রজু হয়েছে। মামলার প্রধান আসামী গৃহবধুর স্বামী ওলি উদ্দিন বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ।
এলাকাবাসী ও নিহত গৃহবধুর স্বজনরা জানান, দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর গত এপ্রিল মাসে ওলি দেশে ফিরে আসে। দেশে ফেরার কিছুদিনের মধ্যে স্থানীয় এক গৃহবধুর সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পরে। এরপর থেকে ওলি ও জরিনার সংসারের দাম্পত্য কলহ শুরু হয়। এ পরিস্থিতিতে ওলি তার স্ত্রী জরিনাকে প্রায়ই মারপিট করে এবং হত্যা হুমকি দিতে থাকে। নিহত গৃহবধুর ভাই জয়নাল শেখ জানান, মঙ্গলবার দিনগত রাতে তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করে ওলি তার মুখে বিষ ঢেলে রাত আড়াইটার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার বোনের লাশ ফেলে রেখে সে পালিয়ে যায়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, ওই গৃহবধুকে হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। এ মৃত্যুটি অস্বাভাবিক বলে ধারনা করায় থানা পুলিশকে খবর দেয়া হয়। থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নিহত গৃহবধুর বোন শরীফা খাতুন আহাজারি করতে করতে বলেন, ‘তার বোন শত অত্যাচার সয্য করেও বলেছে, আমার দুটি সন্তান রয়েছে, ওদের মুখের দিকে চেয়ে আমি কোনদিন আত্মহত্যা করব না। আমার বোন আত্মহত্যা করতে পারে না। ওলি আমার বোনকে একাধিকবার বলেছে তোকে খুন করলে কি হবে, বড় জোড় কয়েক লাখ টাকা খরচ হবে। আমরা এই খুনের বিচার চাই।’
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, প্রাথমিক তদন্তে পরকীয়ার জের ধরেই গৃহবধু জরিনাকে খুন অথবা আত্মহত্যা করেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। লাশটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে তাকে খুন করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহত গৃহবধুর ভাই মো. হানিফ শেখ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। ইতিমধ্যে মামলার প্রধান আসামী ওলি উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































