গোয়ালন্দের পদ্মায় নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি যুবক সুলতানের –
- Update Time : ১১:৩১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে নিখোঁজের সাত দিনেও সন্ধান মেলেনি দিনমজুর যুবক সুলতান শিকদারের। গত বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় দৌলতদিয়া ২নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতে ও পানির ঘূর্ণিপাকে পড়ে তিনি নিখোঁজ হন। নিখোঁজ সুলতান দৌলতদিয়া লঞ্চঘাট ও বাসটার্মিনাল এলাকায় কুলিগিরির কাজ করতেন। স্থানীয় সিদ্দিক কাজীরপাড়া গ্রামের আহাম্মদ আলী শিকদারের ছেলে তিনি।
নিখোঁজের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গোসল করতে গিয়ে পদ্মায় নিখোঁজ সুলতান শিকদার দুই শিশুকন্যা সন্তানের জনক। তিনি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লঞ্চঘাট ও বাসটার্মিনাল এলাকা ঘুরে বিভিন্ন যাত্রীর ব্যাগ-বোঝা বয়ে সামান্য যে টাকা উপার্জন করতেন তাই দিতে অনেক কষ্টে তার সংসার চলতো। প্রতিদিনের মতো গত বুধবার সন্ধ্যায় সুলতান তার নিজ গ্রামের পাশে অবস্থিত দৌলতদিয়া ফেরিঘাটের পরিত্যাক্ত ২নম্বর ঘাট এলাকায় গিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামেন। এ সময় প্রবল স্রোত ও পানির ঘূর্ণিপাকে পড়ে তিনি নিখোঁজ হন। পরে খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল ও আশপাশ এলাকায় নদীতে উদ্ধার অভিযান চালায়। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পদ্মায় নিখোঁজ সুলতানের কোনো সন্ধান মেলেনি।
এদিকে ঘটনার সাত দিনেও সুলতানের কোনো সন্ধান না পেয়ে তার পরিবার ও স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। নিখোঁজ ছেলেকে ফিরে পাবেন এমন আশায় প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা পদ্মা নদীর পাড়ে গিয়ে বসে থাকছেন সুলতানের বৃদ্ধা মা আনোয়ারা বেগম। কিছুক্ষণ পর পর তিনি নিজ হাতে বুক চাপড়িয়ে আর্ত্মনাদ করে শুধু বলছেন, ‘পদ্মা আমার পুলাডারে গিলা খাইছে।’ স্ত্রী সেলিনা আক্তার বলেন, ‘আইজ দিয়া সাত দিন হইলো আমার সুয়ামী নিখোঁজ হইছে। কিন্তু কেউ তার কোনো খোঁজ দিতে পারে নাই। হে আল্লাহ তুমি আমার শান্তি ও রাবেয়ার আব্বারে ফিরায় দেও।’
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিমলিডার মো. মিলন হোসেন বলেন, ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে খবর পেয়ে নদীতে ডুবুরি দিয়ে আমরা উদ্ধার অভিযান চালিয়েছি। টানা সাড়ে তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও পদ্মায় ডুব নিখোঁজ সুলতানের কোনো সন্ধান পাওয়া যায়নি।’- বি:দ্র:- নিউজটি দৈনিক কালের কণ্ঠ অনলাইন থেকে নেয়া।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































