ভিজিডি’র চাল জব্দ: ফেঁসে যেতে পারেন কালুখালীর সাওরাইল ইউপি চেয়ারম্যান-
- Update Time : ০৯:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
- / ৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারের একটি সার ও কিটনাশকের দোকান থেকে ৪৪ বস্তা ভিজিডি’র চাউল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার নিজে ওই চাউল জব্দ করেন।
মৃগী বাজারের ওই সার ও কিটনাশকের দোকানি সেলিম জানান, তার দোকান কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মৃগী বাজারে। পূর্ব পরিচয়ের সূত্রে আজ (বৃহস্পতিবার) সকালে পাশ্ববর্তী সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী’র ভাতিজি’র স্বামী বিদ্যুৎ, স্যালো ইঞ্জিন চালিত একটি নছিমনে করে ৪৪ বস্তা চাল এনে তার দোকানে রেখে যায়। তিনি তা সরল বিশ্বাসে রেখে দেন। কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর জেলা প্রশাসকের নির্দেশে তিনি মৃগী বাজারের সেলিমের সার ও কিটনাশকের দোকান থেকে ওই ৪৪ বস্তা চাউল জব্দ করেন। উদ্ধারকৃত চাউল সাওরাইল ইউনিয়নের বলেও তিনি ধারনা করেন। যদিও মৃগী বাজার থেকে প্রায় ৩ কিলোমিটার দুরের কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন পরিষদ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম জানান, হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধীসহ দুঃস্থদের জন্যই সরকার এই চাল বিতরণ করে থাকে। এই চাল জানপ্রতি ৩০ কেজি করে বস্তা ভর্তি অবস্থায় সরকার সরবরাহ করে থাকে। ফলে ইচ্ছা থাকলেও বস্তা থেকে চাউল কমানো সম্ভব নয়। গতকাল কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন পরিষদের ২শ ২০ জন হতদরিদ্রের মধ্যে এই চাল বিতরণের কথা ছিলো। তবে ৭০ জনকে আগামীকাল চাল দেবেন বলে জানান ইউপি চেয়ারম্যান। যদিও এই চাল আরো আগেই বিতরণের কথা ছিলো। তবে অজ্ঞাত কারণে ইউপি চেয়ারম্যান কালক্ষেপণ করেছিলেন। যে কারণে ৪৪ বস্তা চাল উদ্ধারের পর কালুখালী থানায় সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যানকে আসামি করে একটি মামলা দায়ের করার প্রস্তুতিও নিচ্ছে প্রশাসন।
ওই চাল বিতরণে ট্যাগ অফিসার ও উপজেলা উপ-খাদ্য পরিদর্শক একরামুল হক খান জানান, মূলত চাল বিতরণের সময় তার উপস্থিত থাকার কথা। অথচ ইউপি চেয়ারম্যান তাকে কিছু না জানিয়ে ওই চাল বিতরণ করেছেন।
এদিকে সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী জানিয়েছেন, তার ইউনিয়নের ২শ ২০ জনের মধ্যে এখনো ৭০ জনের ভিজিডি’র চাল বিতরণ করা হয়নি। তার দাবী চাল তার ইউনিয়ন পরিষদে রয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী জানান, তিনি চাউল জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































