কালুখালীর মদাপুর ইউপি চেয়ারম্যান মজনু পুলিশের হাতে গ্রেপ্তার –
- Update Time : ০৯:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ৯১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাকে মারধোর ও বাড়ী ঘর ভাংচুরের মামলায় মিজানুর রহমান মজনু নামে এক চেয়ারম্যানকে গ্রেফতার করে। শনিবার বিকাল ৫টায় রাজবাড়ী আমলী আদালতের বিচারক ইকবাল হাসান তার জামিন আবেদন মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানাগেছে, কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ শেখ, তার চাচাতো ভাই হারুন অর রশিদ, প্রতিবেশী ইউনুছকে মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর নির্দেশে গত ১৭ মার্চ মারধোর করে। গত ১৮ মার্চ পুনরায় মোটরসাইকেল শোডাউন দিয়ে হারুন অর রশিদের বাড়ীতে হামলা চালিয়ে টিভি, ফ্রিজসহ দেড় লক্ষ টাকার মালামাল ভাংচুর ও নগদ ১লক্ষ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ শেখ বাদী হয়ে শনিবার কালুখালী থানায় মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুসহ ৮ জনকে আসামী করে মামলা দায়ের করে।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান বলেন, মামলার প্রেক্ষিতে শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা এলাকা থেকে মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়।
মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর আইনজীবি এ্যাড. মোস্তফা কবীর বলেন, আদালত মজনু চেয়ারম্যানের জামিন আবেদন মঞ্জুর করেছেন।
যদিও গ্রেপ্তার হওয়া মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু আদালতের জামিন পাবার পর তার ফেসবুক পেজে ভিডিও বার্তায় বলেছেন, পুলিশ তাকে গ্রেপ্তার করেনি, বরং তিনি একটি মিথ্যা মামলায় আদালতে জামিন নিতে গেছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































