কালুখালীর জব্বার হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড –
- Update Time : ০৪:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
- / ৯৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে আব্দুল জব্বার মোল্লা হত্যা মামলায় ১ জনের ফাঁসি ও ৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।
আজ সোমবার দুপুর ১টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এই রায় ঘোষণা করেন।
ফাঁসির আদেশ পাওয়া আসামীর নাম আরজু মোল্লা (৩৬)। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার দেওয়ালী গ্রামের বাসিন্দা। এছাড়া চারজনকে তিন বছর করে ও দুইজনকে এক বছর করে কারাদন্ড দেওয়া হয়। তিন বছর করে সাজাপ্রাপ্তরা হলেন রোজিনা বেগম, বিল্লাল মোল্লা, রাসেদ মোল্লা ও খোরশেদ মোল্লা। এক বছর করে সাজাপ্রাপ্ত অপর দুই আসামী হলো এরশাদ মোল্লা ও শহর আলী।
আদালত সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা আবদুল জব্বার মোল্লাকে ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর রাতে বাড়ির পাশের মেহগনী বাগানে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। তাকে বাঁচাতে গিয়ে জখম হন মুসা ও হাবিব নামে দুইজন। হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে নাজমুল মোল্লা বাদী হয়ে কালুখালী থানায় রোজিনা বেগমকে প্রধান আসামী করে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আদালত উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষে এই রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারী কৌঁসুলী (পিপি) উজির আলী শেখ।
রায়ের সত্যতা স্বীকার করেছেন রাজবাড়ী জজ আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) উজির আলী শেখ। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































