কালুখালীতে প্রবাসে অর্থ হাওলাত নেয়া নারীর মরদেহ উদ্ধার: ১৩ দিন পর ঘাতক গ্রেপ্তার
- Update Time : ১০:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ৬৩৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে প্রবাস থেকে হাওলাত নেয়া টাকা আদায়ে ব্যর্থ হয়ে ডেকে এনে পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয় প্রবাস ফেরত ফাহিমা (৪১) কে। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামের সেকেন ফকিরের মেয়ে।
এদিকে, এ ঘটনায় পুলিশ হত্যার মুল পরিকল্পনাকারী মোঃ আব্দুর রহিম মন্ডল (৫৬) কে গ্রেপ্তার করেছেন। সে রাজবাড়ীর কালুখালী উপজেলার জাগিরকয়া গ্রামের মৃত তাছের আলী মন্ডলের ছেলে।
বুধবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রেজাউল করিম।
তিনি বলেন, গত ৫ অক্টোবর সন্ধ্যা পৌনে ৭ টার দিকে কালুখালী উপজেলার কাওয়াখোলা গ্রামের বাবু শিকদারের ধান ক্ষেতের ভেতর থেকে এক অজ্ঞাতনামা মহিলার অর্ধগলিত মৃতদেহ দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে কালুখালী থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করেন এবং থানা পুলিশ বাদী হয়ে গত ৭ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর এ ঘটনায় জড়িত আসামী মোঃ আব্দুর রহিম মন্ডলকে গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার সময় কালুখালী থানার বড়ইচারা এলাকা থেকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, আসামী রহিম পুলিশের নিকট স্বীকার করে অর্ধগলিত মৃতদেহটি ফাহিমার। তারা ৩ বছর পূর্বে একই সঙ্গে কাতারে ছিল। কাতারে থাকা অবস্থায় ফাহিমা তার কাছ থেকে বাংলাদেশী টাকায় প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা হাওলাত নেয়। দু’জনই দেশে আসার পর তাদের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু ফাহিমা পাওনা টাকা দিতে তাল-বাহানা করায় মোঃ আব্দুর রহিম মন্ডল ক্ষিপ্ত হয়ে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী বিয়ের প্রলোভন দেখিয়ে আসামী আব্দুর রহিম মন্ডল গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টার সময় ভাঙ্গা হতে কালুখালী থানার সোবাহান মন্ডলের ধান ক্ষেতে এনে ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর মৃতদেহটি গুম করার জন্য আলামত বিভিন্ন স্থানে ফেলে রাখে। পরে রহিমের দেওয়া তথ্য ও সনাক্তমতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে ব্যবহৃত ওড়না, মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র এবং ভিকটিমের ছবিসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলন শেষে আসামীকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































