আগুনে সম্বল হারানো দরিদ্র ৪ ছাত্রের পাশে দাঁড়ালো রাজবাড়ীর শুভসংঘ-
- Update Time : ০৭:০০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
- / ১২৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ছাত্রাবাসে ঘুমিয়ে থাকা অবস্থায় অগ্নিকান্ডে ভস্মিভূত হয় দুইটি রুম এবং পুড়ে ছাই হয়ে যায় রুমে থাকা চার জন ছাত্রের বই, খাতা, টেবিল, চেয়ার,জামা-কাপড়সহ সব কিছু। এ সংক্রান্ত প্রতিবেদন নিয়ে গত ৩ সেপ্টেম্বর দৈনিক কালের কণ্ঠের ১৯ পাতায় “আগুনে ছাই হলো চার ছাত্রের সম্বল” শিরোনামে প্রকাশিত হয়। ওই রিপোর্ট প্রকাশের পর ক্ষতিগ্রস্থ ছাত্রদের সহায়তায় এগিয়ে আসে দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ। শুভসংঘের প্রচেষ্টায় রাজবাড়ীর কৃতি সন্তান ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী ও রাজনীতিবিদ আশরাফুল ইসলাম তার আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
আজ বৃহস্পতিবার বিকালে দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদান তুলে দেয়া হয়। এ সময় দৈনিক কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যপক সরোয়ার মার্শেদ খান স্বপন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতিক সম্পাদক সাজেদ হোসেন, আমাদের রাজবাড়ী সামাজিক উন্নয়ন সংগঠনের সভাপতি নীল আকাশ, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, যুগ্ন-সাধারণ সম্পাদক এসএম হিরা, সদস্য গোলাম রব্বানী, অপু চৌধুরীসহ শুভসংঘের সদস্য হাফিজুর রহমান ও রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্থ ছাত্র নিজাম উদ্দিন সরদার ও আলিমুজ্জামান আলিম জানান, তারা সব কিছু হারিয়ে বন্ধুদের ছাত্রাবাসে উঠেছেন। সেখানে কোন রকমে জীবন-যাপন করছেন। শুভসংঘ তাদের যে আর্থিক সহয়তার ব্যবস্থা করে দিয়ে সে জন্য অর্থদাতা ও শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত সোমবার ভোর ৪ টার দিকে হঠাৎ করে রাজবাড়ী জেলা শহরের নিউ কলোনীর আপন ছাত্রাবাসে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনে ছাত্রাবাসের দুইটি রুম পুরোপুরি ভস্মিভূত হয়। ওই রুম দুটিতে বসবাস করা রাজবাড়ী সরকারী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র আলিমুজ্জামান আলিম, অনার্স তৃতীয় বর্ষের ছাত্র নিজাম উদ্দিন সরদার, দ্বিতীয় বর্ষের ছাত্র রাসেল আহম্মেদ ও দুর্জয় রহমান কোন রকমে বাইরে বের হতে পারলেও তাদের বই, খাতা, টেবিল, চেয়ার, জামা-কাপড়সহ তাদের সমস্ত মালামাল ভস্মিভূত হয়। দুর্জয়ের পিটের কিছুটা অংশ আগুনে পুড়ে গেছে। সে আহত অবস্থায় বাড়ীতে চিকিৎসাধিন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































