আগামীকাল রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন –
- Update Time : ০৮:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ১৬ অক্টোবর রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল। ১১ বছর পর সর্বশেষ জেলা আওয়ামীলীগের কাউন্সিল হয়েছিলো ২০১৫ সালের ১২ নভেম্বর। তিন বছর পর পুনরায় কাউন্সিল হবার কথা থাকলেও তা হয় নি। বর্তমান কমিটির মেয়াদ প্রায় ২ বছর অতিক্রান্ত হবার পর এই কাউন্সিলের ঘোষনা এসেছে। আর এই কাউন্সিলকে ঘিরে বদলে গেছে রাজবাড়ী জেলা শহরের চেহারা। তোরণ, ব্যানার, বিল বোর্ড ও ফেস্টুনে ফেস্টুনে ছেয়ে ফেলা হয়েছে জেলা শহরের প্রধান সড়ক। জেলার দৌলতদিয়া ঘাট থেকে ঢাকা-খুলনা মহা সড়কের গোয়ালন্দ মোড় এবং গোয়ালন্দ মোড় থেকে জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানের কাউন্সিল স্থল পর্যন্ত এখন এমনি সাজ। যদিও সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীরা আছে মহা টেনশনে।
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বিতরণ করা দাওয়াত পত্রে বলা হয়েছে, কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি থাকবেন, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য লে: কর্নেল (অবঃ) ফারুক খান এমপি ও আব্দুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ অন্যান্যরা। কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ আরো কয়েকজন রাজবাড়ীর সম্মেলন স্থলে আসবেন হেলিকাপ্টারে।
এদিকে, জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানের কাউন্সিল স্থলে গিয়ে দেখা গেছে, প্রায় পুরো মাঠ জুড়েই তৈরী করা হয়েছে প্যান্ডেল। আর মঞ্চ করা হয়েছে বিশাল আকৃতির নৌকা বানিয়ে।
মঞ্চ তৈরীর কাজের দায়িত্বে থাকা রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি জানিয়েছেন, সম্মেলনের দিন এই মাঠে দেড় লক্ষাধিক নেতা-কর্মী ও সমর্থকের আগমন ঘটানো হবে। এই মঞ্চ স্থল থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত প্রায় ২০ কিলো মিটার সড়কে কয়েক শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। জেলা পর্যায়ের নেতাদের তৈরী করা হাজারো ব্যানার, বিল বোর্ড ও ফেস্টুন টানানো হয়েছে।
স্থানীয় নেতা-কর্মীদের সাথে কথা বলে জানাগেছে, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নির্বাচন নিয়ে চলছে আলোচনার ঝড়। নিজস্ব বলায়ে স্ব স্ব প্রার্থীরা তৈরী করেছেন তোরণ, টানিয়েছেন ওই সব ব্যানার, বিল বোর্ড ও ফেস্টুন। এ কাউন্সিলে সভাপতি প্রার্থী হিসেবে প্রচার প্রচারনা চালাচ্ছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আকবর আলী মর্জি এবং বর্তমান সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম। অপর দিকে, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহম্মদ আলী চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপুর প্রচারনাও রয়েছে। তবে শেষ হাসি কারা হাসবেন তা জানতে উন্মুখ হয়ে আছেন দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































