রাজবাড়ী’র দু’টি আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজে মন্থরগতি, আসন্ন ঈদে ঘরমুখো মানুষদের ভোগাবে-
- Update Time : ০২:২১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বেহাল রাজবাড়ী-কুষ্টিয়া এবং বাগমারা-জৌকুড়ার আঞ্চলিক মহাসড়ক দুটির উন্নয়নকাজ চলছে মন্থর গতিতে। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, ধুলায় নাকাল হচ্ছে যাত্রী, পথচারী ও সড়কের পাশে বসবাসকারীরা। ঈদুল আজহা উপলক্ষে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে রাজবাড়ী, কুষ্টিয়া ও পাবনা জেলায় ঘরমুখো মানুষের দুর্ভোগ পোহাতে হবে।
জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে পাংশার শিয়ালডাঙ্গী পর্যন্ত ৪৫.১০ কিলোমিটার এবং জেলা সদরের বাগমারা থেকে জৌকুড়া পর্যন্ত ৬.৫ কিলোমিটার দীর্ঘ দুটি আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও উন্নীতকরণ প্রকল্পের আওতায় রাজবাড়ী সড়ক বিভাগের অধীনে চারটি ধাপে ৩৯৫ কোটি টাকার কাজ চলছে।
এর মধ্যে গোয়ালন্দ মোড় থেকে জেলা পরিষদ পর্যন্ত ৭.৭০ কিলোমিটার অংশের জন্য ৪৭ কোটি ১৩ লাখ আট হাজার টাকা, জেলা পরিষদ থেকে চরবাগমারা তালতলা পর্যন্ত ৪.১ কিলোমিটার সড়কে ফোর লেন নির্মাণে ৫৪ কোটি টাকা, রাজবাড়ী জেলা কারাগারের সামনে থেকে পাংশার শিয়ালডাঙ্গী পর্যন্ত ৩৩.৩৯ কিলোমিটারের জন্য ২২১ কোটি টাকা এবং জেলা সদরের বাগমারা-জৌকুড়ার ৬.৫ কিলোমিটারের জন্য প্রায় ২৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দেড় বছরের মধ্যে কাজ শেষ করতে হবে। কিন্তু প্রথম অংশ গোয়ালন্দ মোড় থেকে জেলা পরিষদ কার্যালয় পর্যন্ত রাস্তার কাজ শুরু হলেও দ্বিতীয় ধাপে পরিষদ কার্যালয়ের সামনে থেকে চরমাগমারা তালতলা পর্যন্ত কাজ হচ্ছে ধীরগতিতে। সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, রাস্তার নিচের পানির পাইপ, বিদ্যুৎসহ বিভিন্ন লাইনের তার থাকায় উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের চরমাগমারা তালতলা থেকে শিয়ালডাঙ্গী পর্যন্ত ও বাগমারা থেকে জৌকুড়া ধাওয়াপাড়া ঘাট পর্যন্ত তৃতীয় ও চতুর্থ ধাপের কাজ এখনো শুরুই করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। অথচ ছয় মাস আগে কার্যাদেশ দেওয়া হয়েছে।
এদিকে, বাগমারা-জৌকুড়া রাস্তায় প্রচুর গর্তের কারণে অন্তত এক বছর ধরে লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা বলছেন, এ সড়ক মেরামতে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ছয় মাস আগে কার্যাদেশ দেওয়া হয়েছে। কিন্তু একাধিকবার তাগিদ দেওয়ার পর সবে সড়কের পাশে বালু ফেলার কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটির নয়নদিয়া, সূর্যনগরে গিয়ে দেখা যায়, রাস্তাজুড়ে গর্ত। কোথাও কোথাও কার্পেটিং উঠে গেছে। হেলেদুলে বালুবাহী ট্রাক, ইজি বাইক, নছিমন, ভ্যান চলছে।
ট্রাকচালক আকবর আলী বলেন, এই রাস্তায় বহুবার তাঁর ট্রাক নষ্ট হয়েছে। গাড়ি নষ্ট হওয়ায় মালিককে টাকা গুনতে হয়েছে আর চালক ও তাঁর সহকারীকে (হেলপার) দীর্ঘসময় সড়কে বসে থেকে গাড়ি মেরামত করতে হয়েছে।
বাগমারা চেয়ারম্যান বাড়ির সামনে গিয়ে দেখা যায়, মাটি দিয়ে গর্ত ভরাট করছেন দ্ইু শ্রমিক। তাঁরা বলেন, প্রায় ছয় মাস ধরে রাস্তার ছোটখাটো গর্ত ভরাট করছেন তাঁরা। মাঝেমধ্যে ইটও ফেলা হয়। কিন্তু দুই-চারটি ট্রাক চলাচল করার পর আবার আগের মতো হয়ে যায় রাস্তা।
জেলা শহরের কয়েকজন বাসিন্দা জানান, নির্মাণাধীন ফোর লেন সড়কে ধুলাবালির কারণে হাঁটা-চলা ও ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। প্রায় ছয় মাসে মাত্র ২০ শতাংশ কাজ শেষ হয়েছে। ফলে বৃষ্টিতে সড়ক কাদায় পরিণত হয়, আর রোদে উড়তে থাকে ধুলাবালি।
রাজবাড়ী সওজের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, ‘চারটি প্যাকেজের মধ্যে দুটির কাজ চলছে। রাজবাড়ী-ফরিদপুর সড়কের ৭.৭০ কিলোমিটার অংশের কাজ হয়েছে ৫০ শতাংশ, জেলা শহরের ৪.১ কিলোমিটার সড়কে ফোর লেন তৈরির কাজ হয়েছে ২০ শতাংশ, সদরের বাগমারা- জৌকুড়ার ৬.৫ কিলোমিটার সড়কের কাজ হয়েছে ১০ শতাংশ। তবে জেলা কারাগারের সামনে থেকে পাংশার শিয়ালডাঙ্গী পর্যন্ত ৩৩.৩৯ কিলোমিটার অংশের জন্য ২২১ কোটি টাকার কাজ শুরুর প্রক্রিয়া করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের গতি আরো বাড়ানো হবে। যথাযথ সময়ে কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































