রাজবাড়ীতে ইস্কন মন্দিরের নামে অন্যের জমির সীমানা প্রাচীর ভাংচুর, চার জনকে পিটিয়ে জখম
- Update Time : ১১:৪২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১১০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ইস্কন মন্দিরের প্রবেশ পথের নামে জোর পূর্বক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে অন্যের জমির পাকা সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা হয়েছে। সেই সাথে জমি মালিকের পরিবারের তিন নারীসহ চার জনকে পিটিয়ে জখম করা হয়েছে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী জেলা শহরের প্রাণ কেন্দ্র ভবানীপুর গ্রামের জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পাশে মৃত অর্ধেন্দু শেখর মজুমদারের বাড়ীতে দশের অধিক মোটরসাইকেল নিয়ে একদল দূর্বৃত্ত প্রবেশ ও হামলা করে। সে সময় ওই বাড়ীর পেছনে থাকা পাকা সীমানা প্রাচীরের কিছু অংশ দ্রুত সময়ের মধ্যে ভেঙ্গে গুড়িয়ে ফেলে। যার বাধা প্রদান করলে দূর্বত্তরা ওই বাড়ীতে হামলা চালায় এবং বাড়ীতে অবস্থানরত মৃত অর্ধেন্দু শেখর মজুমদারের ছেলে বিষু মজুমদার, তার স্ত্রী মিতা মজুমদার, বোন শম্পা মজুমদার ও পলি মজুমদারকে কুপিয়ে ও পিটয়ে রক্তাক্ত জখম করে।
মৃত অর্ধেন্দু শেখর মজুমদারের অপর ছেলে অলোকেন্দু মজুমদার জানান, তিনি খবর পেয়ে রাজবাড়ী থানায় গিয়ে বিষয়টি অবহিত করেন। তবে থানা পুলিশের সদস্যদের সাথে বাড়ী ফিরে এসে দেখেন দূর্বত্তরা তাদের বাড়ীর পেছনের সীমানা প্রচীর ভেঙ্গে ফেলেছে এবং পরিবারের সদস্যদের রক্তাক্ত জখম করেছে।
আহত পলি মজুমদার বলেন, এটা তাদের পৌত্রিক জমি। তারা পাকা সীমানা প্রাচীর নির্মাণ করে বসবাস করে আসছেন। তাদের বাড়ীর পেছনে ইসকন মন্দির নির্মাণ করা হয়েছে। সেই সাথে ওই মন্দিরের সভাপতি ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কর্মকারেরও মন্দিরের পাশে নিজস্ব জমি রয়েছে। যেখানে প্রবেশের নেই কোন পথ। যে কারণে জয়দের কর্মকার মন্দিরে যাতায়াতের পথের কথা বলে জোরপূর্বক তাদের নিজস্ব জমিতে থাকা পাকা সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙ্গে সেখান দিয়ে রাস্তা নির্মাণের অশুভ প্রচেষ্টায় লিপ্ত হয়। আর ওই প্রচেষ্টার অংশ হিসেবে জয়দেবের নেতৃত্বে আসা দূর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শফি বলেন, অন্যের বাড়ীতে প্রবেশ করে সীমানা প্রাচীর ভাংচুর ও পরিবারের সদস্যদের মারপিট করা নিন্দনীয়। এটা জয়দেব কর্মকার ও তার সহযোগিদের ঠিক হয়নি। তিনি আহতদের দ্রুত চিকিৎসা সেবা গ্রহণেরও তাগাদা প্রদান করেন।
ওই ঘটনার পর ইনকম মন্দিরের মধ্যে দলবলসহ অবস্থানরত মন্দির কমিটির সভাপতি ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার বলেন, তারা ওই পরিবারের সদস্যদের একাধিকবার বলেছেন পথের জন্য কিছু জমি বিক্রি করতে। কিন্তু পরিবারের সদস্যরা কথা শোনেন না, যে কারণে তারা পাকা সীমানা প্রাচীর ভেঙ্গে চলাচলের পথ তৈরীর কাজ শুরু করেছেন। অন্যের জমির সীমানা প্রাচীর ভাংচুর ও তাদের পিটিয়ে জখম না করে সামাজিক ভাবে কাজটি করলে ভালো হতো না ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ওই পরিবারের লোকজন কথা শোনে না।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































