রাজবাড়ীর বসন্তপুরে মাদকসেবীদের সু-পথে আনতে দোয়া, মানববন্ধন
- Update Time : ১০:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ৬ Time View

বাবলু শেখ, রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর হাট এলাকায় বসন্তপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে মাদকবিরোধী এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে মাদক সেবনকারী ও মাদক কারবারিদের অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে “মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও, দেশের যুবসমাজকে বাঁচাও” স্লোগানে মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন সরদার বলেন, পরিবারের ভালোবাসা ও সঠিক পরিচর্যার মাধ্যমে মাদকাসক্ত সন্তানদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। তিনি অভিভাবকদের এ বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. নাজমুল হক। তিনি বলেন, বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির এই উদ্যোগ প্রশংসনীয়। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মুফতি মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মুফতি মোহাম্মদ কামরুল হাসান, মাওলানা মো. ইসমাইল হোসাইন, মাওলানা মো. আব্দুল জব্বার, মুফতি আব্দুল আলিম, স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল শেখ, ইউপি সদস্য পদপ্রার্থী মো. ইসমাইল শেখ, উদয়পুর ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মাসুম আহমেদসহ ইমাম কমিটির সদস্য, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। তেলাওয়াত করেন মাওলানা মো. মনির হোসাইন। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা মো. আব্দুল জব্বার। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাদকবিরোধী মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































