পাংশায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- Update Time : ০৮:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ২৭৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। গত মঙ্গলবার দিনগত রাতে উপজেলার মৈশালা ও হেনা মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা দু’টি ঘটে।
নিহতরা হলেন, রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া গ্রামের খয়বর মন্ডলের ছেলে আজিদুর মন্ডল (৫০) ও কালুখালী উপজেলার খাকজানা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল (২৫) ও প্রল্লাৎ বিশ্বাসের ছেলে পেলু বিশ্বাস (২৮)।
পাংশা হাইওয়ে থানার এএসআই সোহরাব হোসেন জানান, রাত সাড়ে ৮ টার দিকে গরুবাহী একটি করিমন রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে পাংশার মৈশালা এলাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। গাড়ীটি বাবুপাড়া এলাকায় পৌঁছালে একটি গরু লাফ দিয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া আজিজুল মন্ডলের শরীরের ওপর পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, কালুখালী থেকে নসিমনে করে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে ১০-১২ জন লালন ভক্ত কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে যাচ্ছিলেন। রাত সোয়া ১০ টার দিকে নসিমনটি পাংশার হেনা মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনে থাকা কয়েকজন ছিটকে সড়কের ওপর পড়ে যান। এদের মধ্যে বিল্লাল নামে এক যুবক অজ্ঞাত একটি গাড়ির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পেলু ও সুজিত নামের ২ জনকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় পেলু বিশ্বাস মারা যান।
পাংশা হাইওয়ে থানার এএসআই সোহরাব হোসেন আরো জানান, গরুর ওই গাড়িটি আটক করা সম্ভব হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। বিল্লালকে চাপা দেয়া অজ্ঞাত গাড়িটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। নিহত ৩ জনের পরিবারের সদস্যদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































