পাংশায় ছাত্রলীগ নেতার মারপিট থেকে বাবাকে রক্ষা করতে গিয়ে নবম শ্রেণীর ছাত্র গুলিবৃদ্ধ –
- Update Time : ০২:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ৮০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিলের মারপিট থেকে ব্যবসায়ী বাবা আজু মন্ডলকে রক্ষা করতে গিয়ে আজিম উদ্দিন (১৬) নামে নবম শ্রেণীর একজন ছাত্র গুলিবৃদ্ধ হয়েছে। তাকে গুরুতর অবস্থায় প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আজিম উদ্দিনের বাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল গ্রামে। সে স্থানীয় মাছপাড়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের সুলতান মোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুলি বৃদ্ধ আজিম উদ্দিনের বাবা পাট ব্যবসায়ী আজু মন্ডল জানান, তার ভাইরা ইসলামের ছেলে সেলিম কৃষি কাজের পাশাপাশি সুদের কারবার করে। সাম্প্রতি মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়োর ছেলে এবং পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল মোটা অংকের চাঁদা দাবী করে সেলিমের কাছে। গতকাল বিকালে সেলিম মাছপাড়া ইউনিয়নের সুলতান মোড় এলাকায় থাকা তার (আজু মন্ডল)-এর দোকানে আসে। ওই সময় হঠাৎ করেই সিসিল ও তার বন্ধু রিংকুসহ তিন জন সেখানে আসে এবং সিলিমকে আটকে রেখে মারপিট করে। তিনি সেলিমকে রক্ষা করতে এগিয়ে যান। ওই সময় সিসিল ও তার বন্ধুরা তাকেও বেধরক মারপিট শুরু করে। এ অবস্থায় তার ছেলে আজিম উদ্দিন তাকে রক্ষা করতে এগিয়ে আসলে সিসিলের নির্দেশে রিংকু গুলি বর্ষণ করে। এতে আজিম উদ্দিন রক্তাক্ত জখম হয়।
একই ধরণের কথা জানিয়ে গুলিবৃদ্ধ আজিম উদ্দিনের চাচাতো ভাই তপু মন্ডল জানান, তিনিও সে সময় ওই বাজারে অবস্থান করছিলেন। মারপিটের খবর পেয়ে তিনিও এগিয়ে যান। তবে সিসিল ও তার বন্ধুরা তাকেও মারপিট করে। এক পর্যায়ে তারা গুলি বর্ষন করে। এতে আজিম উদ্দিন আহত হয়। আজিম উদ্দিনকে ওই সময়ই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাঃ রুমিলা জানান, আজিম উদ্দিনের বাম হাত ভেদ হয়ে গুলিটি তার বুকে এসে লেগেছে। ফলে তার অবস্থা আশঙ্কা জনক, প্রচন্ড শ^াস কষ্ট হচ্ছিল। যে কারণে ওই সময়ই আজিম উদ্দিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি রেফার্ড করেন।
বিষয়টি জানতে পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। তবে রাজধানী ঢাকায় বাংলাদেশ আওয়ামীলীগের কাউন্সিলে অবস্থানরত সিসিলের বাবা ও মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান, পাংশা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো জানান, সিসিল অত্যান্ত ভালো ছেলে, সে কখনোই চাঁদাবাজি করতে যাইনি। বরং সিসিলের এক বন্ধুকে আটকে রাখা হয়েছিলে। যে কারণে সিসিল তার বন্ধু রিংকুসহ ঘটনাস্থলে যায় এবং ওই সময় নাকি রিংকু গুলি ছোড়ে, যাতে আজিম উদ্দিন গুলি বৃদ্ধ হয়। তবে তারা কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেলো আর কেনইবা অনাকাংখিত ওই ঘটনা ঘটলো তা এলাকায় ফিরে খোঁজ নিয়ে তিনি জানাতে পারবেন।
পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেন নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































