নীরবে পেরিয়ে গেল কালুখালীর জুলাই শহীদ কোরবানের শাহাদাতবার্ষিকী, ক্ষোভ
- Update Time : ১১:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ১০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার একমাত্র জুলাই শহীদ কোরবান আলীর প্রথম শাহাদাতবার্ষিকী নীরবে পার হয়েছে। গত বছরের মতো এবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি না থাকায় শহীদের পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার (২০ জুলাই) শহীদ কোরবান আলীর রুহের মাগফিরাত কামনায় তার পরিবার কালুখালীর বাগপাড়া কবরস্থানে দোয়া মাহফিলের আয়োজন করে। এতে সহযোগিতা করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ। তবে তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে না পারলেও শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। তারা রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শহীদের ছেলে রমজান শেখ জানান, দোয়া মাহফিলে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত হননি।
তিনি অভিযোগ করেন, গত বছর শহীদ কোরবান আলীর শাহাদাতবার্ষিকীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। সে সময় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, তৎকালীন সার্কেল এএসপি দেবব্রত সরকারসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নিয়েছিলেন। কিন্তু মাত্র এক বছরের ব্যবধানে শহীদের স্মৃতি ও কবরের যথাযথ রক্ষণাবেক্ষণেও অবহেলা দেখা যাচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকার সাভার এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামের বাসিন্দা কোরবান আলী। তিনি মৃত মেহের শেখের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
পরিবারের সদস্যরা শহীদ কোরবান আলীর স্মৃতি সংরক্ষণ, কবরের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং ভবিষ্যতে রাষ্ট্রীয় ও প্রশাসনিকভাবে শাহাদাতবার্ষিকী পালনের দাবি জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়














































































































