দৌলতদিয়ায় বিআইডব্লিউটিসি’র ৪ জন কর্মকর্তা-কর্মচারীকে মারপিট –
- Update Time : ১০:১৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ৫৬ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতিদিয়া ফেরি ঘাটের ট্রাক বুকিং কাউন্টারে অবৈধ প্রভাব বিস্তারে বাঁধা সৃষ্টি করায় বিআইডব্লিউটিসি’র ৪ কর্মকর্তা-কর্মচারীকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে সোহেল রানা চৌধূরী নামের কথিত সাংবাদিক ও তার সহযোগীদের বিরুদ্ধে।
এ ঘটনার প্রতিবাদে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ দৌলতদিয়া ট্রাক বুকিং কাউন্টার হতে পৌনে ১ ঘন্টা টিকিট বিতরণ ও ফেরি চলাচল বন্ধ রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) তোফাজ্জেল হোসেন বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় ৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন স্থানীয় মো. জাহাঙ্গীর হোসেন চৌধুরী, তার ছেলে সোহেল রানা চৌধূরী, মো. মুরাদ হোসেন, মোশারফ হোসেন ও মো. হাসান।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিআইডব্লিউটিসি’র আরটিও মাহমুদ হোসেন, টিএস নাজমুল হোসেন, আরাফাত হোসেন এবং টিএ ইনামুল হোসেন রনি তাদের বাসা থেকে ডিউটির উদ্দেশ্যে ট্রাক বুকিং কাউন্টারের দিকে যাচ্ছিলেন। এ সময় ট্রাফিক পুলিশ কন্টোল রুমের পাশে জাহাঙ্গীর চৌধূরীর ব্যবসায়ীক কার্যালয়ের সামনে আসলে তার ছেলে সোহেল রানা চৌধূরীর সাথে তাদের বাক-বিতন্ডা হয়। এ সময় সোহেল রানার নেতৃত্বে অপর আসামীরা তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট ও অকথ্য গালাগালি করে ।
এ বিষয়ে আহত বিআইডব্লিউটিসি’র রেডিও টেলিফোন অপারেটর (আরটিও) মাহমুদ হোসেন জানান, জাহাঙ্গীর চৌধূরী ও তার ছেলে মিলে দৌলতদিয়া ঘাটে যানবাহনে চাঁদাবাজি ও দালালি করে আসছে দীর্ঘদিন যাবৎ। তাদের এ কাজে বাঁধা দেওয়ায় উত্তেজিত হয়ে তারা আমাদের উপর আজকে হামলা চালায়। সার্বক্ষণিক ব্যস্ত থাকলেও সোহেল রানা নিজেকে সিএনএন বাংলা নামক একটি টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে সবার উপর প্রভাব বিস্তারের চেষ্টা করে। আমরা ঘটনার আইনানুগ প্রতিকার চাই।
তবে এ বিষয়ে জাহাঙ্গীর চৌধূরী ও সোহেল রানা চৌধূরী তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। সোহেল রানা দাবী করেন, বিআইডব্লিউটিসি’র কর্মীরা ট্রাক বুকিং কাউন্টার হতে অতিরিক্ত টাকা আদায় করে। আমি এ বিষয়ে কিছু ভিডিও ফুটেজ ধারণ করায় তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাদের ব্যবসায়ীক কার্যালয়ে এসে হামলা করেছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, বৃহস্পতিবার দুপুরে বিআইডব্লিউটিসি’র পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। জাহাঙ্গীর চৌধুরী থানায় এসে মৌখিক অভিযোগ জানালেও কোন মামলা করেনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































