দৌলতদিয়ায় ফেরির ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ১-
- Update Time : ০৯:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
- / ৬৫ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দের দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাটের কাছে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শাপলা-শালুক নামের ইউটিলিটি ফেরির ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ৩ জনের মধ্যে দুইজন সাঁতরে উপরে উঠতে পারলেও ফরিদ হোসেন (৩২) নামে নৌকার মাঝি নিখোঁজ রয়েছেন। তিনি দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর সাত্তার মেম্বার পাড়ার ছবেদ শেখের ছেলে।
জানা যায়, সোমবার বিকেলে পাটুরিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন বোঝাই করে শাপলা-শালুক ফেরিটি সরু চ্যানেল দিয়ে দৌলতদিয়ার ৫নং ফেরি ঘাটে ভেরার চেষ্টা করছিল। এসময় ওই চ্যানেল দিয়ে মাছ ধরার একটি ট্রলার দ্রুত ১নং ঘাটের দিক থেকে এসে নদীর দিকে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে শাপলা-শালুক ফেরিটির সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ট্রলারটি উল্টে গিয়ে ট্রলারে থাকা ৩ জন সিটকে পানিতে পড়েন। এর মধ্যে ২জন সাঁতরে ওপরে উঠতে পারলেও ট্ররারের মাঝি ফরিদ হোসেন উঠতে পারেননি। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌছেছে। তারা স্থানীয় জেলেদের সহযোগিতায় নদীতে জাল ফেলে নিখোঁজ ফরিদ হোসেনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস সেকেন্ড অফিসার দেলোয়ার হোসেন জানান, ট্রলার ডুবির খবর পেয়ে আমাদের স্টেশন অফিসার আ. রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছেছে। তারা স্থানীয় জেলেদের সাথে নিয়ে নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, সরু চ্যানেলে ফেরি কাছ দিয়ে ট্রলারটি দ্রুত যেতে গিয়ে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রলারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ফেরির সাথে ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































