গোয়ালন্দে বিয়ের আসর থেকে বর-কনেকে আটক করে দন্ড –
- Update Time : ০৮:৪৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯
- / ৬৯ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
বিয়ে বাড়িতে চলছে পুরোদমে উৎসব। ইতিমধ্যে ভুরিভোজ সম্পন্ন করেছে আমন্ত্রিত অতিথিরা। বর সেজে কবুল বলার অপেক্ষায় বর-কনে উভয়ই। ঠিক এমন সময় বিয়ে বাড়িতে হাজির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। বাল্যবিয়ে হলেও বিয়ে বন্ধ না করতে কঠোর অবস্থানে উভয় পক্ষ। অনেকটা বাধ্য হয়েই বর-কনেকে আটক করে নিজ কার্যালয়ে নিয়ে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার উজানচর ইউনিয়ন হাজী দুদুখান পাড়া গ্রামের আব্দুস ছালাম মীর মালতের ছেলে সুজন মীর মালত বর সেজে একই ইউনিয়নের সাহাজদ্দিন মন্ডল পাড়া ইনষ্টিটিউটের নবম শ্রেণীর এক ছাত্রীর বাড়ীতে বিয়ে করতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন পুলিশ ফোর্স নিয়ে কনের বাড়ীতে বাল্যবিয়েটি বন্ধ করতে উপস্থিত হন। এসময় বাল্যবিয়ে বন্ধ করতে গরিমশি করায় বর-কনে ও উভয় পক্ষের অভিভাবকদের তার কার্যালয়ে নিয়ে আসেন।
এ সময় ওই ছাত্রীর পিতা জানান, বরের এক আত্মীয় উজানচর ইউনিয়নের চুন্নু মেম্বর ফরিদপুর নোটারী পাবলিক থেকে এ্যাডঃ এম এ সালামকে দিয়ে এফিডেভিট করে তারা মেয়ের বয়স বাড়িয়ে এ বিয়ের আয়োজন করে। এ সম্পর্কিত একটি ষ্ট্যাম্প দেখান তিনি।
এক পর্যায় উভয় পক্ষের অভিভবকগণ বাল্য বিয়ের শাস্তি ও কুফল বুঝতে পেরে ভ্রাম্যমান আদালতে ক্ষমা প্রার্থনা করলে বাল্যবিয়ে প্রতিরোধ আইন ২০১৭ অনুযায়ী তাদের উভয় পক্ষের কাছ থেকে দুই হাজার টাকা করে জরিমানা আদায় করেন। পরে তারা এ বিয়ে বন্ধ করে ভবিষ্যতে বাল্যবিয়ে না দেয়ার লিখিত মুচলেকা দিয়ে তারা ছাড়া পান।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে তাদেরকে জরিমানার আদেশ দেয়া হয়। বাল্যবিয়ে দন্ডনীয় অপরাধ বিষয়টি বোঝানো ও অভিভাবকদের এ বিয়ের কুফল বোঝানোর লক্ষ্যে তাদের এখানে আনা হয়েছিল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































