গোয়ালন্দে অবৈধ গরুর হাট উচ্ছেদ
- Update Time : ০৯:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯
- / ৬৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গরুর হাট উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় কথিত ইজারাদার কর্তৃপক্ষসহ ৫ জনকে জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা সহকারী কমশিনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এই আদালত পরিচালনা করেন।
এ সময় কথিত ইজারাদার কর্তৃপক্ষ মোস্তফা এন্টারপ্রাইজের ম্যানেজার সুমন রায়হানকে (৩২) ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অপর ৫ জন সাজাপ্রাপ্ত হলেন স্থানীয় ট্রলার চালক মো. লাবলু (৩৮), খবির মন্ডল (৫০) ও জহির উদ্দিন মন্ডল (৩৪)। হাটের গরু ট্রলার যোগে অবৈধ ভাবে নদী পারাপারের দায়ে তাদের সকলকে ৫শ টাকা করে জরিমানা করা হয়।
জানা গেছে, ব্যস্ততম দৌলতদিয়া ৫ ও ৬ নম্বর ফেরি ঘাট এলাকায় মেসার্স মোস্তফা এন্টারপ্রাইজ সপ্তাহের মঙ্গল ও শুক্রবার অবৈধ ভাবে গরুর হাট বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করে ট্রলারযোগে গরু পারাপার করে আসচ্ছিল। আটক ব্যাক্তিরা জানান, প্রতিটি গরু নদী পারাপাররে ক্ষেত্রে ইজারাদার কর্তৃপক্ষের ১৭ টাকা টোল আদায় করার কথা থাকলেও তারা আদায় করছিল ৫০ টাকা হারে। ট্রলারে প্রতিটি গরুর ভাড়া বাবদ আদায় করা হচ্ছিল ৭০ টাকা। স্থানীয় দু’টি পরিবহন শ্রমিক সংগঠন আদায় করছিল গরু প্রতি ৫০ টাকা। এছাড়া ওই স্থানের কথিত জমির মালিক সিদ্দিক কাজী আদায় করছিলেন গরু প্রতি ৫০ টাকা। এভাবে বিআইডব্লিউটিএ’র জায়গায় অবৈধ হাটের মাধ্যমে চাঁদাবাজি চলে আসছিল।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারী জায়গায় অবৈধভাবে হাট বসিয়ে জনদূর্ভোগ সৃষ্টি, বহুবিধ খাতে টোলের নামে চাঁদা আদায় ও ফেরি সার্ভিসে ব্যাঘাত সৃষ্টির দায়ে অভিযান চালিয়ে ওই অবৈধ হাট বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ইজারাদারসহ ৬ জনকে জরিমানা করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































