গোয়ালন্দ পৌরসভার রাজকোষ ‘শূন্য’ ৭৯ কর্মীর পরিবারে ঈদ প্রস্তুতি নেই –
- Update Time : ০৯:২৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮
- / ৫০ Time View
গণেশ পাল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা চার মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এতে তাঁরা মহাবিপাকে পড়েছেন। অনেকে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তহবিল সংকটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা গেছে, প্রথম শ্রেণির গোয়ালন্দ পৌরসভায় ৭৯ জন কর্মকর্তা ও কর্মচারী আছেন। তাঁদের মধ্যে ৩৭ জন নিয়মিত, ১৫ জন অনিয়মিত (মাস্টার রোল) ও ২৭ জন চুক্তিভিত্তিক। পৌরসভার রাজস্ব তহবিল থেকে প্রতি মাসে তাঁদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। কিন্তু গত ফেব্রুয়ারি মাস থেকে তাঁদের বেতন-ভাতা বন্ধ হয়ে আছে। এতে সাধারণ কর্মচারীদের অনেকেই পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ঈদের আগে বেতন-ভাতা না পেলে তাঁদের পরিবারে ঈদের আনন্দ থাকবে না।
পৌরসভার একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, বর্তমানে পৌরসভার রাজকোষ শূন্য হয়ে আছে। তাই বেতন-ভাতা না পেয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই নিয়মিত অফিসে আসছেন না। এতে পৌরসভার দৈনন্দিন কর্মকান্ডে অনেকটা স্থবিরতার সৃষ্টি হয়েছে।
এদিকে পরিচ্ছন্নতাকর্মীরা (সুইপার) নিয়মিত কাজ না করায় পৌর শহর দিন দিন ময়লা-আবর্জনায় ভরে উঠছে। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির উদ্দিন রনি জানান, বেতন-ভাতা না পাওয়ায় ২৪ জন পরিচ্ছন্নতাকর্মীসহ সাধারণ কর্মচারীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তাঁদের অনেকে এখন ধারদেনা করে সংসার চালাচ্ছেন।
গোয়ালন্দ পৌরসভার সচিব মো. রুহুল আমীন বলেন, ‘উপজেলা পরিষদসহ পৌর এলাকায় অবস্থিত সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কাছে মোটা অঙ্কের পৌরকর পাওনা রয়েছে। সেগুলো আশানুরূপ আদায় না হওয়ায় পৌরসভায় তহবিল সংকট দেখা দিয়েছে। তহবিল পেলে সবার বেতন-ভাতা পরিশোধ করা হবে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































