গোয়ালন্দ পৌরসভার মেয়র কর্তৃক রাজবাড়ীর সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল দেয়ার প্রতিবাদে ও শাস্তির দাবীতে মানববন্ধন, মৌন মিছিল ও স্মারক লিপি প্রদান
- Update Time : ০৩:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ৪৪১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল সাংবাদিক ও সাংবাদিকদের মা তুলে অশ্লীল, কুরুচিপূর্ণ ও অকথ্য ভাষায় গালাগালি করার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকরা। এরপর প্রধান সড়কে মৌন মিছিল করে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে প্রদান করা হয়।
বুধবার সকাল সাড়ে এগারটায় জেলা প্রেস ক্লাবের সামনে রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকরা আয়োজনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে জেলার ইলেক্ট্রনিক, প্রিন্ট, অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত দেড় শতাধিক সাংবাদিক অংশ নেয়।
এ সময় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, সহ-সভাপতি মোশারফ হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসহাক, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৌমিত্রশীল চন্দন, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ, কালের কন্ঠের গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পাল, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আজু শিকদার, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি সোহেল রানা, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, ডিবিসির জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, যমুনা টিভির জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস, আমার সংবাদের জেলা প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, সময় টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি শেখ রনজু আহম্মেদ, বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ আলী আল মামুন, রাজবাড়ী সদর উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাংবাদিক আল মামুন আরজু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজবাড়ীর সভাপতি কবির হোসেন, গোয়ালন্দ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, কালুখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রতন মাহমুদসহ ৩০ জন বক্তৃতা করে। মানববন্ধন কার্যক্রম পরিচালনা করেন, রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে অসম্মান করে জুতা পায়ে, হাসি মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে। বঙ্গবন্ধুকে অসম্মান জানানোর ওই সংবাদ বিভিন্ন গন মাধ্যমে প্রকাশ পায়। এ ঘটনার জের ধরে মেয়র দৈনিক সমকালের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আজু সিকদারের মোবাইল ফোনে কল দিয়ে জেলার সকল সাংবাদিকদের অশালীন ভাষায় গালাগালি করেন। পরবর্তীতে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। এরই প্রতিবাদে এবং মেয়রের সর্বচ্চ শাস্তির দাবীতে জেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করে।
স্মারক লিপিতে যা বলা হয়েছে, আমরা জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ রাজবাড়ী জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেক্ট্রনিক মিডিয়া, স্থানীয় দৈনিক ও অনলাইন সংবাদপত্রের সাংবাদিকবৃন্দ। সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতায় বিশ^াসী বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আপনার প্রিয় জন্মভূমি এক সময়কার অবিভক্ত ফরিদপুর জেলার (রাজবাড়ী,ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর ও গোপালগঞ্জ) গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। সংবাদপত্র ও সাংবাদিকতার বিকাশে জাতীয় পর্যায়ে আপনার নিরলস প্রচেষ্টার পাশাপাশি রাজবাড়ীর সাংবাদিকদের অন্যতম মিলনকেন্দ্র “রাজবাড়ী প্রেসক্লাব ” ভবন উদ্বোধন এবং সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট্রের মাধ্যমে এ জেলার অস্বচ্ছল সাংবাদিকদের অনুদান প্রদানের মাধ্যমে আর্থিক সহায়তার বিষয়টি এ অঞ্চলের গণমাধ্যম কর্মীগণ সর্বদাই কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। বিশেষ করে দীর্ঘদিন বৈষম্যের শিকার অনগ্রসর রাজবাড়ীর উন্নয়নে আপনার সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডের ইতিবাচক সংবাদ প্রকাশের মাধ্যমে উন্নয়ন সাংবাদিকতায় রাজবাড়ীর সাংবাদিকবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, কতিপয় স্বার্থান্বেষী ও গণবিচ্ছিন্ন ব্যক্তির অরাজনৈতিক ও শিষ্টাচার বহির্ভূত আচরণ রাজবাড়ীর সাংবাদিক সমাজকে ক্ষুব্ধ ও আহত করে। আমরা অত্যন্ত সততার সাথে উল্লেখ করতে চাই গত ১৫ আগস্ট ২০২৩ জাতীয় শোক দিবসে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতা পরিহিত অবস্থায় হাসতে হাসতে পুষ্পমাল্য অর্পণ করেন। তার ওই ছবি ফেসবুকে প্রকাশের পর থেকেই বঙ্গবন্ধু প্রেমিক হাজার হাজার মানুষ গোয়ালন্দ পৌর মেয়রের এহেন কান্ডজ্ঞানহীন আচরণে ক্ষোভ প্রকাশ করেন। রাজবাড়ীর গণমাধ্যম কর্মীগণ অত্যন্ত দায়িত্বশীলতার সাথেই জাতির জনকের প্রতি এরুপ অশ্রদ্ধা প্রদর্শনের সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ করে। বাংলাদেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক সমকাল, দৈনিক আমাদের সময় সহ স্থানীয় সংবাদ মাদ্যমে উল্লেখিত সংবাদ প্রকাশিত হয়। এতে গোয়ালন্দ পৌর মেয়র সাংবাদিকদের প্রতি ক্ষুব্ধ হন। এরই জের ধরে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল মন্ডল দৈনিক সমকাল ও বৈশাখী টেলিভিশনের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি ও গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি আজু শিকদারকে মোবাইল ফোনে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং রাজবাড়ীর সাংবাদিকদের পরিবার সম্পর্কে আপত্তিকর উক্তি করেন। যার অডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে রাজবাড়ীর সাংবাদিক সমাজ ভীষণভাবে ক্ষুব্ধ ও মর্মাহত। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একজন জনপ্রতিনিধি ও সহধর্মীনির পদে স্থলাভিষিক্ত (গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি) মোঃ নজরুল ইসলামের এহেন আচরণ উদ্দেশ্যমূলক এবং বর্তমান সরকার ও আপনার প্রাণ প্রিয় সংগঠন আওয়ামী লীগের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন করেছে। রাজবাড়ীর সর্বস্তরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে গোয়ালন্দ পৌর মেয়রের এরুপ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রী আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, ইতোমধ্যে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্য সহ নানাবিধ অভিযোগ উত্থাপিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার কার্যালয়, দুর্ণীতি দমন কমিশন সহ বিভিন্ন কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন। এমতাবস্থায় একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক হিসেবে উপরোক্ত বিষয়ে আপনার আশু হস্তক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সার্বিক অবস্থার আলোকে মহোদয়ের সমীপে আবেদন গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল কর্তৃক রাজবাড়ীর সাংবাদিক সমাজকে উদ্দেশ্য করে অশ্লীল ও অশ্রব্য ভাষায় গালিগালাজ ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের ধৃষ্টতার বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।
রাজবাড়ীর সর্বস্তরের সাংবাদিক সমাজের পক্ষে অনুলিপি – সদয় অবগতি ও কার্যার্থে ১। মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ২। মাননীয় সংসদ সদস্য, রাজবাড়ী-১। ৩। মাননীয় সংসদ সদস্য, রাজবাড়ী-২। ৪। সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ৫। বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ। ৬। পুলিশ সুপার, রাজবাড়ী। ৭। সভাপতি/সাধারণ সম্পাদক, রাজবাড়ী জেলা আওয়ামী লীগ। ৮। উপ-পরিচালক, এনএসআই,রাজবাড়ী। ৯। ফিল্ড অফিসার, ডিজিএফআই,রাজবাড়ী। ১০। সভাপতি/সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসক্লাব,ঢাকা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































