গোয়ালন্দের খানকাপাক হতে অভিনব কায়দায় বৃদ্ধার স্বর্ণের চেইন চুরি –
- Update Time : ০৬:২৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ৭১ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দের দৌলতদিয়া খানকাপাক দরবার শরীফ প্রাঙ্গন হতে এক বৃদ্ধার ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে বোরকা পরা অজ্ঞাত তিন নারী অভিনব কায়দায় চেইনটি হাতিয়ে নেয়।
বৃদ্ধার নাম আছিয়া বেগম (৬৫)। তিনি গোয়ালন্দ রেলগেট এলাকার শ্রীদাম দত্ত পাড়ার বিষু শেখের স্ত্রী।
বৃদ্ধার নাতনি সালমা সাবিহা শর্মি জানান, তার দাদি আন্জুমান-ই কাদরীয়া ত্বরিকার একজন মুরিদ।বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি গ্রামের কয়েকজন মহিলার সাথে খানকাপাক দরবার শরীফে যান আশুরার অনুষ্ঠানে যোগ দিতে।তিনি অটো থেকে নেমে খানকা পাকের প্রধান ফটকে ঢুকতেই অজ্ঞাত তিন মহিলা দাদিকে ভিড়ের মধ্যে এগিয়ে যেতে সাহায্যের কথা বলেন। তারা দাদিকে জাপটে ধরে কিছুদূর এগিয়ে দেয়ার পর ছেড়ে দেয়। এরপর দাদি খেয়াল করেন তার গলায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইনটি নেই। চেইনটি তার প্রবাসী চাচা বিদেশ থেকে তার মায়ের জন্য এনে দিয়েছিলেন। চেইনটি খোয়া যাবার পর খানিকক্ষন খোঁজ খবর করেও ওই মহিলাদের আর কোন হদিস পাওয়া যায় নি।খোয়া যাওয়া চেইনটির মূল্য প্রায় ৩০ হাজার টাকা।এভাবে চক্রটি আরো কয়েকজনের কাছ থেকে মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয় বলে জানা গেছে।
স্হানীয় কয়েকজন জানান, স্বর্ণের চেইন,মোবাইল, টাকা প্রভৃতি খোয়া যাওয়ার কথা বলে তারা কিছু মহিলাকে চিৎকার-চেঁচামেচি করতে দেখেছেন।সন্দেহভাজন দূ’একজনকে জিজ্ঞাসাও করা হয়। কিন্তু চোর চক্রের কাউকেই ধরা যায় নি।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার এসআই জাকির হোসেন বলেন, থানা পুলিশের একটি টিম ঘাট ও খানকাপাক এলাকায় সার্বক্ষণিক ডিউটিতে রয়েছে। কিন্তু স্বর্নের চেইন বা অন্য কিছু খোয়া যাওয়ার বিষয়ে তাদের কাছে কেউ কোন অভিযোগ করেননি।অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































