গোয়ালন্দ থেকে দৌলতদিয়া যাবার পথে নকশীকাঁথা মেইল লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
- Update Time : ০৭:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ২৪২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
খুলনা থেকে রাজবাড়ীর গোয়ালন্দগামী নকশীকাঁথা মেইল লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে গোয়ালন্দ শ্মশানঘাট এলাকায় এ ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে।
জানা গেছে, গোয়ালন্দ ঘাট রেলস্টেশন থেকে নকশীকাঁথা মেইল ট্রেনটি দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় শ্মশানঘাট এলাকায় আসলে ট্রেনের পেছনে থাকা মালবাহী একটি বগির সামনের একটি চাকা ও পেছনের একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে যায়। এসময় পেছনের মালবাহী বগিটি খুলে রেখে সামনের সব বগিগুলো নিয়ে ট্রেনটি দৌলতদিয়া ঘাটে যায়।
এতে করে এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের কাছে বিক্রিত ট্রেনের টিকিটগুলো ফেরত নেওয়া হয়। এতে করে ট্রেনে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
মশিউর রহমান নামের এক ব্যক্তি বলেন, ‘আমি মানিকগঞ্জ থেকে এসেছি। নকশীকাঁথা মেইল ট্রেনে খুলনা যাব বলে, কিন্তু স্টেশনে এসে শুনছি ট্রেনটি পড়ে গেছে। এখন ট্রেনটি ওঠানো সম্ভব হচ্ছে না, অনেক সময় লাগবে। এখন অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কেটে বাসে যাওয়া লাগবে খুলনায়। কাল সকালে খুলনায় জরুরি কাজ আছে।’
টিকিট মাস্টার আব্দুর রাজ্জাক বলেন, ‘নকশীকাঁথা ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় কারণে বিকেল ৪টায় সাটল ট্রেনটি ঘাটে আসতে পারেনি। এতে করে আমার বিশাল একটি ক্ষতি হয়ে গেল। যাত্রীরা এসে ঘুরে চলে যাচ্ছে, কারও কাছে টিকিট বিক্রি করতে পারলাম না। সাটল ট্রেনটি পাঁচুরিয়া থেকে ঘুরে চলে যাবে, ঘাটে আসতে পারবে না।’
অ্যাসিস্ট্যান্ট ট্রেন সুপার ভাইজার রবিউল ইসলাম বলেন, গোয়ালন্দ ঘাট রেলস্টেশন থেকে দৌলতদিয়া ঘাটে আসার সময় টেনটি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। এতে করে এই লাইনে ট্রেন যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। লাইনচ্যুত মালবাহী বগিটি লাইনে না ওঠা পর্যন্ত এ লাইনে ট্রেন চলাচল সচল হবে না।
দৌলতদিয়া রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুল জলিল বলেন, ‘ট্রেনটি ওঠানোর জন্য লোকজন এসেছেন। কখন ওঠানো হবে তা সঠিকভাবে বলতে পারছি না। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে যাত্রীদের একটু দুর্ভোগে পড়তে হচ্ছে। খুব তাড়াতাড়ি এই সমস্যা সমাধান হয়ে যাবে।’
আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ম্যানেজার তন্ময় বলেন, এখনে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। তবে কখন উদ্ধার হবে তা তিনিও নির্দিষ্ট করে বলতে পারেননি।– সূত্র- দৈনিক আমাদের সময়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































