কালের কণ্ঠের সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক ও রাজবাড়ী প্রতিনিধি’র নামে ৫ কোটি টাকার মানহানির মামলা –
- Update Time : ০৫:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
- / ৮৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক ও রাজবাড়ী প্রতিনিধি’র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর দুই নম্বর আমলী আদালতে মোঃ রাকিবুল ইসলাম রাইস এই মামলা দায়ের করেন। রাইস জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। রাইস একই ইউনিয়নের মাছপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
মামলায় দৈনিক কালের সম্পাদক ইমদাদুল হক মিলনকে তিন নম্বর, ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামালকে দুই নম্বর ও রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন এক নম্বর আসামী করা হয়।
আদালতের বিচারক লাবনী আক্তার পরবর্তীতে আদেশ দেবেন বলে জানিয়েছেন, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) খান মোঃ জহুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আরজীতে বলা হয়, এক স্কুল ছাত্র গুলিবিদ্ধ হওয়ার কথিত ঘটনায় উদ্দেশ্য মূলকভাবে প্রয়াত এমপি খন্দকার নুরুল ইসলামের আপন ভাতিজা ছাত্রলীগ নেতা সিসিলকে জড়িয়ে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ২২ ডিসেম্বর “ছাত্রলীগ নেতার হাত থেকে বাবাকে বাঁচাতে গিয়ে কিশোর গুলিবিদ্ধ” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। উল্লেখিত মিথ্যা ও মানহানিকর সংবাদ সম্পর্কে এলাকার সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির পাশাপাশি এ অঞ্চলের হাজার হাজার আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মর্মাহত ও ব্যথিত হয়েছে। বিশেষ করে ছাত্রলীগের ভাবমূতি ও সুনাম ক্ষুন্ন হয়েছে। প্রকাশিত সংবাদ অসত্য, ভিত্তিহীন ও সম্মানহানিকর। এ জাতীয় খবরে বাদী ও তার দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। ঘটনার দিন এক নম্বর আসামী দৈনিক কালের কণ্ঠ পত্রিকা প্রকাশ করে মাছপাড়া বাজারের বিভিন্ন এলাকায় বিলি বন্টন ও প্রচার করে ৫ কোটি টাকার সুনাম নষ্ট করেছে। বাদী ও তার রাজনৈতিক আদর্শ পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার তাসবীর হাসান সিসিলও তার বাবা ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর নামে কটুক্তি করে।
দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন বলেন, “ছাত্রলীগ নেতার হাত থেকে বাবাকে বাঁচাতে গিয়ে কিশোর গুলিবিদ্ধ” সংবাদটি দৈনিক কালের কণ্ঠে পাঠানোর পূর্বে প্রত্যক্ষদর্শী ও গুলিবিদ্ধ আজিম উদ্দিনের বাবা আজু মন্ডলের বক্তব্য নিতে মুঠোফোনে কথা বলি এবং আজু মন্ডলের অভিযোগের ভিত্তিতে জেলার পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার তানবীর হাসান সিসিল-এর ফোনে কথা বলতে কল করি। সে সময় সিসিলের ফোন বন্ধ থাকায় আমি তার বাবা খন্দকার সাইফুল ইসলাম-এর সাথে কথা বলি। (উভয় বক্তব্য আমার কাছে রেকর্ড আকারে রয়েছে)। তথ্য প্রমানের ভিত্তিতে নিউজটি করা হয়েছে। নিউজে আমার নিজস্ব কোন বক্তব্য প্রদান করা হয়নি। দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক ও আমার বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে তা হয়রানী মুলক ও ভিত্তিহীন।
এদিকে, রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকরা আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম- কে স্বারকলিপি প্রদান করে। স্বারকলিপিতে যা বলা হয়েছে–
আমরা রাজবাড়ী জেলার কর্মরত সাংবাদিক। রাজবাড়ী ছোট্ট জেলা হলেও শান্তিপ্রিয় জেলা হিসেবে এর পরিচিতি ব্যাপক। এ জেলার প্রশাসন, পুলিশসহ সকল পেশাজীবী মানুষের সাথে সাংবাদিকদের সুসম্পর্ক এক অনন্য দৃষ্টান্ত। পারস্পরিক আন্তরিকতা ও সহযোগিতার কারণেই এই সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে উঠেছে। আমরা প্রকৃত ঘটনাকে তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সর্বৈবভাবে চেষ্টা করে আসছি। সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরতেও আমরা বদ্ধ পরিকর।
কিন্তু সাম্প্রতিককালে একটি মহল রহস্যজনক কারণে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। যার ধারাবাহিকতায় গত ৩১ ডিসেম্বর ২০১৯ ইং তারিখে রাজবাড়ীর ২ নং আমলী আদালতে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদের বিরুদ্ধে এবং অদ্য ২ জানুয়ারি ২০২০ ইং তারিখে দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল এবং জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান রতন ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কর্তৃক দায়েরকৃত মামলা দুটির এজাহারে বর্ণিত বিবরণীর পুরোটাই অসত্য। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, কোনো ঘটনা ঘটনার পর ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, অভিযুক্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের বক্তব্য নিয়ে সংবাদ পরিবেশন করা হয়। দৈনিক প্রথম আলো ও দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।
২৩ ডিসেম্বর ২০১৯ ইং তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘ছাত্রলীগ নেতার গুলিতে স্কুলছাত্র গুরুতর আহত’ শিরোনামে সংবাদটিতে রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদের নিজস্ব কোনো বক্তব্য নেই। ভুক্তভোগী পরিবার, প্রত্যক্ষদর্শী, সংশ্লিষ্ট ব্যক্তি, থানা, পুলিশের বক্তব্যের উপর নির্ভর করে রিপোর্টটি করা হয়েছে। নিয়মানুসারে অভিযুক্ত পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার তাসবীর হাসান সিসিলের বক্তব্য নেয়ার জন্য তার ব্যক্তিগত মোবাইল ফোনে বারংবার ফোন করা হয়। কিন্তু তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে সিসিলের বাবা মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফের বক্তব্য নেয়া হয়েছে। এবং তাদের বক্তব্য প্রকাশিত সংবাদে উল্লেখ রয়েছে। গত ২২ ডিসেম্বর ২০১৯ ইং তারিখে দৈনিক কালের কণ্ঠে ‘ছাত্রলীগ নেতার হাত থেকে বাবাকে বাঁচাতে কিশোর গুলিবিদ্ধ’ শিরোনামে প্রকাশিত সংবাদটিতেও যথারীতি নিয়ম অনুসরণ করা হয়েছে।
এসম্পর্কিত সকল তথ্য প্রমাণ প্রথম আলো প্রতিনিধি এজাজ আহম্মেদ, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনসহ জেলার কর্মরত সাংবাদিকদের কাছে সংরক্ষিত আছে।
প্রিয় মহোদয়, সাংবাদিকদের কাজ সংবাদ পরিবেশন করা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো মামলার এজাহারে সংশ্লিষ্ট নিউজের ফটোকপি করে মাছপাড়া এলাকায় গিয়ে বিলি করার যে কথা উল্লেখ করা হয়েছে, তা একেবারেই মনগড়া, কাল্পনিক, ভিত্তিহীন ও অসত্য।
প্রথম আলোর রাজবাড়ী জেলা প্রতিনিধি এজাজ আহম্মেদের অফিসে প্রতিবাদ লিপি পাঠানোর যে কথা এজাহারে লেখা হয়েছে তাও পুরোপুরি অসত্য। তার অফিসে না গিয়েই মামলার এজাহারে বিষয়টি উল্লেখ করেছে।
সাংবাদিকদের কণ্ঠরোধ এবং হয়রানী করার উদ্দেশ্যে এবং প্
রকৃত ঘটনাকে আড়াল করে ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যেই এ মিথ্যা মামলা করা হয়েছে তা সহজেই অনুমেয়। আমরা অনতিবিলম্বে এই মিথ্যা মামলা দুটি প্রত্যাহারের দাবি জানাই।
এধরনের হয়রানীমূলক মিথ্যা মামলা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায় বলে আমরা মনে করি।
একই সাথে আমরা দুঃখের সাথে জানাতে চাই, যাকে ঘিরে এ ঘটনা সেই স্কুলছাত্র আজিম এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার বুক থেকে এখনও গুলিটি বের হয়নি বলে পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে।
আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, নিরপরাধ, নিষ্পাপ স্কুলছাত্র আজিমকে যে বা যারা গুলি করেছে তার প্রকৃত ঘটনা উদ্ঘাটন হওয়া দরকার। দোষী ব্যক্তির শাস্তি নিশ্চিত হওয়া জরুরী। একারণে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য গুলির ঘটনায় গত ২৩ ডিসেম্বর ২০১৯ ইং তারিখে পাংশা থানায় যে মামলা হয়েছে সেই মামলাটি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তরের জন্য জোর দাবি জানাচ্ছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































